২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি-ডে ভুলের পর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ঋষি সুনাক

ডি-ডে বার্ষিকী উদযাপন অনুষ্ঠান আগেভাগে ছেড়ে চলে যাওয়া নিয়ে সমালোচনার পরও সুনাক পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2024, 08:53 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

যুক্তরাজ্যে আসন্ন সাধারণ নির্বাচনের আগে পদত্যাগের কথা ভাবছেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ডি-ডে বার্ষিকী উদযাপন অনুষ্ঠান আগেভাগে ছেড়ে চলে যাওয়া নিয়ে সমালোচনার পরও সুনাক পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডি উপকূলে মিত্র বাহিনীর ডি-ডে অবতরণের ৮০তম বার্ষিকী উপলক্ষে ফ্রান্সে গত ৬ জুন আয়োজিত অনুষ্ঠান আগেভাগেই ছেড়ে চলে যাওয়া নিয়ে সমালোচনার মুখে পরদিন ক্ষমা চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

অনুষ্ঠান শেষের আগেই একটি টিভি সাক্ষাৎকার দিতে লন্ডনে চলে গিয়ে সুনাক তার বিরোধীদের এমনকী মিত্রদেরও সমালোচনার মুখে পড়েছিলেন। এরপরই আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠানের আগেই তিনি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ওঠে।

সোমবার ওয়েস্ট সাসেক্সে নির্বাচনী প্রচার চালানোর সময় দেওয়া প্রথম সাক্ষাৎকারে সুনাক পদত্যাগের কথা ভাবছেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “না, অবশ্যই না। মানুষের ভোটের জন্য আমি লড়াই থামিয়ে দেব না।”

শেষ দিন পর্যন্ত নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন উল্লেখ করে সুনাক বলেন, “প্রচার এখনও অর্ধেকও শেষ হয়নি। আমাদের (কনজারভেটিভ) নীতিমালা ব্যাপক সমর্থন পাচ্ছে।

পদত্যাগের গুঞ্জন সম্পর্কে জিজ্ঞেস করা হলে সুনাক বলেন, “মানুষ যা বলার তা বলবে। বাস্তবতা হল, আমি পথ চলা বন্ধ করব না। দেশের ভবিষ্যতের জন্য লড়াই বন্ধ করব না।”

ডি-ডে’র প্রসঙ্গে সুনাক বলেন, কাউকে আঘাত বা মনক্ষুন্ন করার জন্য তিনি ওই দিনের অনুষ্ঠান আগে ছেড়ে যাননি। 

তাছাড়া, ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন জানিয়ে সুনাক বলেন, মানুষ তাকে মন থেকে ক্ষমা করে দেবে এবং প্রধানমন্ত্রী হিসাবে তিনি কি কি কাজ করেছেন সেদিকেই নজর দেবে বলে আশা করেন।