২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ‘খুব দ্রুত’ পৌঁছানোর আশা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাস ও ইসরায়েল কত দ্রুত আগানো উচিত সে প্রশ্নে ট্রাম্প বলেন, যত দ্রুত সম্ভব। তবে হামাসের নিরস্ত্রীকরণ অবশ্যই হতে হবে।

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ‘খুব দ্রুত’ পৌঁছানোর আশা ট্রাম্পের
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ‘খুব দ্রুত’ পৌঁছানোর আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস অল্প সময়ের মধ্যে নিরস্ত্রীকরণে রাজি না হলে তাদেরকে ‘চরম মূল্য’ দিতে হবে।

সোমবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ট্রাম্পের দাবি, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান ও হামলা চলতে থাকলেও দেশটি শান্তি পরিকল্পনার শর্তগুলো ‘শতভাগ’ মেনে চলছে।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাস ও ইসরায়েলের কত দ্রুত আগানো উচিত- সে প্রশ্নে ট্রাম্প বলেন, যত দ্রুত সম্ভব। তবে হামাসের নিরস্ত্রীকরণ অবশ্যই হতে হবে।

ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত হল: হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ। এ বিষয়ে ট্রাম্প বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। যদি তারা চুক্তিমতো অস্ত্র না ছাড়ে, তবে তাদের জন্য নরক নেমে আসবে।” 

অক্টোবরে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় একটি টেকনোক্র্যাট সরকার গঠন, হামাসকে পুরোপুরি নিরস্ত্র করা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এরপরই শুরু হবে বিধ্বস্ত গাজা পুনর্গঠন কাজ। 

তবে সমালোচকরা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে দেরি করতে পারেন এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার করার আগেই হামাসকে নিরস্ত্র করতে চাপ দিতে পারেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে আলোচনায় বসতে চান না বলেও অভিযোগ আছে।

কিন্তু হামাস কর্মকর্তারা বলছেন, তাদের পূর্ণ নিরস্ত্রীকরণ অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে অগ্রগতির পাশাপাশিই হতে হবে।

হামাসের সশস্ত্র শাখা ‘ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড’ সোমবার এক ভিডিও বার্তায় জানিয়েছে, ইসরায়েলের দখলদারিত্ব বজায় থাকা অবস্থায় তারা অস্ত্র ছাড়বে না।

ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে যেতে যথেষ্ট দ্রুত এগোচ্ছে না। এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, “ইসরায়েল পরিকল্পনা মেনে চলছে। ইসরায়েল যা করছে তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমি উদ্বিগ্ন অন্যরা কী করছে বা করছে না- তা নিয়ে।”

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

ইসরায়েলের দাবি, তারা কেবল যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই গুলি চালাচ্ছে। এ সময়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার জন্য তারা হামাসকে দায়ী করেছে।

ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনায় ইরান, সিরিয়া এবং লেবাননের হিজবুল্লাহ-সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য বিষয়ও উঠে এসেছে।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র প্রশংসা করে ট্রাম্প বলেন, “তিনি একজন শক্তিশালী নেতা এবং সিরিয়াকে ঠিক পথে নিতে কঠোর পরিশ্রম করছেন।” ইসরায়েলকে সিরিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন ট্রাম্প।

তবে পশ্চিম তীর ও সেখানে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের কিছুটা মতভেদ দেখা গেছে। ট্রাম্প বলেন, “আমরা পশ্চিম তীর নিয়ে ১০০ ভাগ একমত নই, তবে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাব।”