বেঁচে ফিরে দেশকে একতাবদ্ধ করার সুযোগ পেয়েছি: ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে মিলওয়াকিতে যাওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জীবন প্রায় হারাতে বসার অভিজ্ঞতার কথা বর্ণনা করার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পেনসিলভেইনিয়া রাজ্যে এক নির্বাচনি প্রচারসভায় হত্যাচেষ্টার শিকার হয়ে অল্পের জন্য বেঁচে ফেরার পর একে দেশকে ঐক্যবদ্ধ করার একটি সুযোগ হিসাবেই দেখছেন।
সোমবা্র রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে ট্রাম্প এরই মধ্যে উইসকনসিনের মিলওয়াকিতে পৌঁছেছেন। হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরার ২৪ ঘন্টার কিছু বেশি সময় পর তিনি সেখানে গেলেন।
রোববার ব্যক্তিগত বিমানে চড়ে ট্রাম্প মিলওয়াকিতে যাওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বর্ণনা করেছেন তার জীবন প্রায় হারাতে বসার অভিজ্ঞতার কথা। হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরার পর এটিই ছিল তার প্রথম সাক্ষাৎকার।
এ সাক্ষাৎকারেই ট্রাম্প তার বেঁচে ফেরাকে দেশকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলার সুযোগ বলে বর্ণনা করেছেন এবং রিপাবলিকান সম্মেলনের বক্তব্য নতুন করে লিখেছেন বলে জানিয়েছেন।
ওয়াশিংটন এক্সামিনার পত্রিকাকে ট্রাম্প বলেন, “বাস্তবতা জেঁকে বসছে। আমি জনতার দিক থেকে অন্যদিকে তেমন তাকাই না। ওই মুহূর্তে আমি যদি তা না করতাম, তাহলে আজ আমরা এখানে কথা বলতাম না, বলতাম কি?”
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা সেয়া ৬টার দিকে পেনসিলভেইনিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি।
ট্রাম্পের ধারণা, গুলির ঘটনার সময় তিনি তার বক্তব্যের লিখিত একটি অংশ দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলেন। মূলত এ কারণেই তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।
ট্রাম্প জানান, তার চিকিৎসকেরা তাকে বলেছেন, তার ফিরে আসা একটি ‘অলৌকিক ঘটনা’। ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময় তার ডান কান মোড়ানো ছিল বড় সাদা ব্যান্ডেজে। তার স্টাফরা ছবি তুলতে নিষেধ করছিলেন।
ট্রাম্প এ সময় একই সাক্ষাৎকারে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেন, ‘আমার এখানে থাকার কথা ছিল না, আমার তো মারা যাওয়ার কথা।”
সৌভাগ্যক্রমে কিংবা ঈশ্বরের কৃপায় বেঁচে ফিরে এসেছেন বলে ট্রাম্প মন্তব্য করেন। মিলওয়াকিতে পৌঁছে বিমানের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে তিনি কয়েকবার মুষ্ঠিবদ্ধ হাত উপরে ছুড়ে দেন।
মিলওয়াকির রিপাবলিকান কনভেনশনেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সেখানে মঞ্চে ভাষণও দেবেন ট্রাম্প। সেই ভাষণের কথাগুলোই সম্পূর্ণ নতুনভাবে লিখছেন বলে ট্রাম্প জানিয়েছেন।
ওয়াশিংটন এক্সামিনারকে ট্রাম্প বলেন, "বৃহস্পতিবার আমি যে বক্তৃতা দেব সেটি বিশেষ কিছু এবং সম্পূর্ণ ভিন্ন কিছু হবে। গোটা দেশকে এক করার এটাই সুযোগ। এমনকি গোটা বিশ্বকে এক করার সুযোগ এটাই। আমাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। তাই বক্তব্যটাও হবে দুইদিন আগের তুলনায় অনেক অনেক ভিন্ন।”
গোলাগুলির সেই মুহূর্তের বর্ণনায় ট্রাম্প বলেন, “আমি জানতাম পৃথিবী এ ঘটনা দেখছে। আমি জানতাম, ইতিহাস এর বিচার করবে। আমি এও জানতাম যে, এই মানুষদের জানাতে হবে আমরা ঠিক আছি।”
নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, “আমি দেশকে একতাবদ্ধ করার চেষ্টা করতে চাই। তবে আমি জানিনা সেটি সম্ভব কিনা। মানুষজন খুবই বিভক্ত হয়ে আছে।”
ট্রাম্প এর আগে ট্রুথ স্যোসালে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের সময় দুদিন পিছানোর ইচ্ছার কথা জানালেও পরে নির্ধারিত সময়সূচিতেই অটল থাকেন তিনি। এ বিষয়ে ট্রাম্প বলেন, "আমি একজন 'হামলাকারী' বা সম্ভাব্য আততায়ীকে সম্মেলনের সময়সূচি পরিবর্তনে আমাদেরকে বাধ্য করতে দিতে পারি না"।
ট্রাম্পের ওপর হামলার পর রিপাবলিকান সম্মেলনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সিক্রেট সার্ভিস সম্মেলনের নিরাপত্তা পরিকল্পনায় কোনও পরিবর্তন করেনি। চার দিনের এ সম্মেলনে কয়েক হাজার লোক সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে।
এ সম্মেলনে ট্রাম্প তার রানিং মেট বা ভাইস-প্রেসিডেন্ট বেছে নেবেন।নির্বাচনের আগে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল নিজেদের প্রেসিডেন্ট প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে জাতীয় সম্মেলন (ন্যাশনাল কনভেনশন) আয়োজন করে। আগামী মাসে শিকাগোতে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্র, বিবিসি, রয়টার্স
