১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

তিন হাজার বর্গকিলোমিটার এলাকা দখলমুক্ত করার দাবি ইউক্রেইনের

এ জয় রাজনৈতিকভাবে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি চান ইউরোপ তার দেশের পেছনে একজোট থেকে অস্ত্র ও অর্থ দিয়ে সমর্থন অব্যাহত রাখুক।

রয়টার্স

Published : 11 Sep 2022, 09:16 PM

Updated : 11 Sep 2022, 10:24 PM

রুশ বাহিনীর হাত থেকে খারকিভের উত্তরাঞ্চলের অনেকটাই দখলমুক্ত করার দাবি করেছে ইউক্রেইন। দক্ষিণ এবং পূর্ব দিকেও সেনারা অগ্রসর হচ্ছে বলে রোববার জানান ইউক্রেইন সেনাবাহিনীর প্রধান।

দেশের উত্তরপূর্বের খারকিভ প্রদেশের অনেকাংশ দখলমুক্ত করায় সেনাদের প্রশংসা করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যেটিকে তিনি ছয়মাসের যুদ্ধে তার বাহিনীর সম্ভাব্য সাফল্য বলে উল্লেখ করেন। বলেন, যদি কিইভ আরো শক্তিশালী অস্ত্র পায় তবে এই শীতে ভূমি দখলমুক্ত করার গতি আরো বাড়বে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেইনের চিফ কমান্ডার জেনারেল ভ্যালেরি জালুজনি বলেন, ‘‘খারকিভের দিকে আমরা শুধুমাত্র দক্ষিণ ও পূর্বদিকেই অগ্রসর হচ্ছি না, আমরা উত্তর দিকেও অগ্রসর হচ্ছি। সেদিকে আর ৫০ কিলোমিটার গেলেই রাশিয়ার সীমান্ত।”

এ মাসের শুরু থেকে গত ১০ দিনে ইউক্রেইন সেনাবাহিনী দেশটির তিন হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা শত্রুর দখলমুক্ত করেছে বলেও জানান তিনি।

এদিকে, রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, রুশ বাহিনী খারকিভ অঞ্চলে ইউক্রেইন সেনাবাহিনীর অবস্থানে আকাশ হামলা এবং ক্ষেপণাস্ত্র ও কামান নিক্ষেপ করেছে।

রয়টার্স জানায়, একদিন আগেই ইজিয়াম নগরীতে বড় ধরনের পরাজয় স্বীকার করতে হয়েছে রুশ বাহিনীকে। ইউক্রেইনীয় বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে সেখানে হাজার ‍হাজার রুশ সেনা তাদের গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম পেছনে ফেলেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

গত মার্চে কিইভ দখলে ব্যর্থ হওয়ার পর এটাই ইউক্রেইন যুদ্ধে রুশ বাহিনীর সবচেয়ে বড় পরাজয় বলে বিবেচিত হচ্ছে।

ইজিয়াম নগরীতে পাওয়া জয় রাজনৈতিকভাবে জেলেনস্কির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তিনি চান ইউরোপ ইউক্রেইনের পেছনে একজোট থেকে অস্ত্র ও অর্থ দিয়ে সমর্থন অব্যাহত রাখুক।