০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বচিত্র: ক্যামেরায় ধরে রাখা ২০২২

শিশুদের কোভিড-১৯ এর টিকা প্রদাণের মধ্য দিয়ে মহামারীর ধাক্কা কাটিয়ে বিশ্ব আবারও স্বাভাবিক হওয়ার আশা জাগিয়ে শুরু হয়েছিল ২০২২ সাল। কিন্তু ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেইন যুদ্ধ এখন পুরো পৃথিবীকেই ঠেলে দিয়েছে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে, দেখা দিয়েছে মহামন্দার শঙ্কা। বার্তা সংস্থা রয়টার্সের ছবিতে আশা জাগানিয়া বছর থেকে চরম হতাশার বছরে পরিণত হওয়া ২০২২ সালকে তুলে ধরা হলো।

শামীমা নাসরিন লাকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 09:35 AM

Updated : 01 Jan 2023, 05:59 PM

Image

জানুয়ারিতে পেরুর লিমায় এক শিশুকে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। মহামারীতে দুই বছরে পৃথিবীজুড়ে যে স্থবিরতা দেখা দিয়েছিল তা কাটিয়ে নতুন উদ্যোমে বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয় ২০২২ সালের।

Image

ইউক্রেইনের খারকিভে একটি সড়কে রাশিয়ার সাঁজোয়া যান। পশ্চিমাদের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ২৪ ফেব্রুয়ারি দেশটিতে আক্রমণ করে বসে রাশিয়া। তার আগে প্রায় দুই মাস ধরে ইউক্রেইন সীমান্তে সেনা জড়ো করলেও প্রতিবেশীকে আক্রমণ করবে না বলে মিথ্যাচার করেছিলেন পুতিন।

Image

এপ্রিলের এক বৃষ্টি ভেজা দিনে খারকিভের একটি আবাসিক এলাকায় রাশিয়ার গোলার আঘাতে নিহত বৃদ্ধ বাবার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে পাগলের মত কাঁদছেন মেয়ে ইয়ানা বাচেক।

Image

ইউক্রেইনে আক্রমণ করেই দ্রুত অগ্রসর হতে থাকে রুশ বাহিনী। রাজধানী কিইভ দখল করে দেশটির সরকারকে উৎখাত করাই হয়ত তাদের লক্ষ্য ছিল। কিন্তু তুমুল প্রতিরোধে ব্যর্থ হয়ে পিছু হটে তারা। রুশ সেনারা চলে গেলে কিইভের কাছের নগরী বুচায় এভাবেই সড়কে বেসামরিক মানুষের লাশ পড়ে থাকতে দেখা যায়।

Image

বুচার হত্যাযজ্ঞে স্তম্ভিত বিশ্ব রাশিয়াকে থামাতে দেশটির জ্বালানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাতে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ে তেলের দাম, নিত্যপণ্যের দামও লাগাম ছাড়া। এমন পরিস্থিতিতে মে মাসের তীব্র গরমে দিল্লির এই শ্রমজীবী পাইপ দিয়ে পড়া পানির নিচে বসে হয়ত নিজেকে ঠাণ্ডা করার চেষ্টা করছেন।

Image

ইউক্রেইন যুদ্ধ বিশ্বের কী হাল করতে পারে তার নমুনা শ্রীলঙ্কায় দেখা গেছে। দুর্নীতিবাজ ও অদূরদর্শী সরকার, সঙ্গে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সৃষ্ট বিশৃঙ্খলা অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় একটি দেশকে দেউলিয়া করে ছেড়েছে। ৯ জুলাই দেশটির বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট ভবনের দখল নেয়।

Image

এ বছর আফ্রিকার দেশগুলোতে তীব্র খরায় ফসল নষ্ট হওয়ার পাশাপাশি অনেক গবাদিপশু খাবার ও পানির অভাবে মারা গেছে। সোমালিয়ার এই নারী অসহায় চোখে তার মরে পড়ে থাকা ভেড়াটিকে দেখছেন।

Image

একদিকে তীব্র খরা, অন্যদিকে অতি বৃষ্টিতে বন্যা। মানবসৃষ্ট দুর্যোগের পাশাপাশি এবছর প্রকৃতিক দুর্যোগও মানুষকে সর্বস্বান্ত করেছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে পাকিস্তান ও ভারতে ভয়াবহ বন্যায় ফসলের মারাত্মক ক্ষতির সঙ্গে বহু মানুষ প্রাণও হারায়।

Image

এ বছর ঘটা সবচেয়ে বড় ঘটনার অন্যতম রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু। স্কটল্যান্ডে নিজ প্রাসাদে ৮ সেপ্টেম্বর মারা যান তিনি।

Image

রানির মৃত্যুর আগেই বরিস জনসন কাণ্ডে যুক্তরাজ্যের রাজনীতিতে যে অস্থিরতা দেখা গিয়েছিল তা আরো জটিল হয় রানির অনুমতি নেওয়া শেষ প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসের দায়িত্ব গ্রহণের মাত্র দেড় মাসের মাথায় পদত্যগের ঘোষণায়। ‍অনেক প্রথমের জন্ম দেওয়া ঋষি সুনাক দেশটির বর্তমান প্রধানমন্ত্রী।

Image

এ বছর আরো একটি মৃত্যু বিশ্বকে শোকস্তব্ধ করে দেয়। নির্বাচনী প্রচার চালানোর সময় ১০ জুলাই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।

Image

নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর ইরানে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যে বিক্ষোভে দুইশ’র বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। চাপের মুখে নীতি পুলিশ বিলুপ্ত করার পাশাপাশি কট্টর হিজাব আইন পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

Image

হ্যালোউইনের রাতটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জন্য যেন পরিণত হয়েছিল সত্যিকারে ভূতুড়ে রাতে। সেখানে পদদলনে ঝরে যায় উৎসব উদযাপনে মাতোয়ারা ১৪৬ তরুণের প্রাণ।

Image

রাশিয়া যখন ইউক্রেইনে আগ্রাসন শুরু করে তখন শক্তির বিচারে কেউ হয়তো ভাবেনি এ যুদ্ধ এত দীর্ঘায়িত হবে। ইউক্রেইন যুদ্ধে এখন সাহসের প্রতীক হয়ে উঠেছেন দেশটির প্রেসিডন্ট ভলোদিমির জেলেনস্কি। যিনি নিজে যুদ্ধক্ষেত্রে ঘুরে ঘুরে সেনাদের সাহস যুগিয়ে যাচ্ছেন।

Image

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে শিশুদের একটি খেলার মাঠে ফরাসী শিল্পী জেমস কলোমিনার বানানো পুতিনের এই ভাস্কর্যের দিকে ওয়াটারগান তাক করে আছে একটি শিশু।

Image

এ বছরের শেষ দিকে ইউক্রেইনের কিছু অঞ্চলে পিছু হটতে বাধ্য হয়ে অপমানিত রাশিয়া প্রতিশোধ নিতে দেশটির বিদ্যুৎ অবকাঠামোগুলোতে হামলা শুরু করে। অন্ধকারে ডুবে যায় ইউক্রেইন। হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বিদ্যুৎবিহীন অবস্থায় মানবিক বিপর্যয়ে সেখানকার বাসিন্দারা।

Image

২১ নভেম্বর ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। সেদিনের ভূমিকম্পে মারা যাওয়া ২৬৮ জনের বেশিরভাগই শিশু। যারা স্কুলভবনে চাপা পড়েছিল।

Image

এ বছর নভেম্বরে বিশ্বের মোট জনসংখ্যা আটশ কোটি ‍অতিক্রম করে।

Image

নিজেদের পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ ঘোষণা করা উত্তর কোরিয়া এ বছর রেকর্ড ৬০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তারিখহীন একটি ছবিতে দেশটির নেতা কিম জং উনকে মেয়েসহ একটি আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরিদর্শন করতে দেখা যাচ্ছে।

Image

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কথা না বললেই নয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার এই টেলিস্কোপটি পৃথিবীর জন্মেরও আগের গহীন মহাশূন্যের হাজারো ছায়াপথের ছবি তুলে হইচই বাঁধিয়ে দেয়।

Image

শুরু থেকে আয়োজক দেশ কাতারকে নিয়ে নানা বিতর্ক হলেও এ বছরের শেষ দিকে এসে পুরো বিশ্ব মেতেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায়।