১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন পুতিনের

দুই দেশের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 11:56 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কিছু ‘শর্ত’ জুড়ে দিয়েছেন।

দুই দেশের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির এই প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন,  এই যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। 

এদিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন পুতিন। পরে ক্রেমলিনে সংবাদ সম্মেলনে আসেন তিনি।

পুতিন বলেন, “আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবে একমত, কিন্তু আমরা মনে করি এই যুদ্ধবিরতি এমনভাবে হওয়া উচিত যা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে পারে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করতে সক্ষম হয়।”

বুধবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেইনে চলমান “রক্তক্ষয়ী সংঘাত” থামাতে যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ক্রেমলিন সম্মত হবে বলে তিনি আশা করেন। ইউক্রেইনও এ প্রস্তাবকে সমর্থন করেছে।

এ প্রস্তাবের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। তিনি বলেন, “মূলত এ ধারণাটি সঠিক, এবং আমরা অবশ্যই এটিকে সমর্থন করি। তবে কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। আমার মনে হয়, এ নিয়ে আমাদের মার্কিন সহকর্মীদের সঙ্গেও কথা বলা দরকার।”

পুতিন আরও বলেন, তিনি ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। “আমরা এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই,” বলেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলে আসছেন, তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসান চান তিনি।