১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুতিদের হামলা, আহত অন্তত ৭৩

এই হামলার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুতিদের হামলা, আহত অন্তত ৭৩
সৌদি-ইয়েমেন সীমান্তের আল-ওয়াদিয়া এলাকায় অবস্থিত আল-ওয়াদিয়া সীমান্ত ক্রসিংয়ে সৌদি আরব থেকে আসা ট্রাকগুলো লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 02:42 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এতে ৭০ জনের বেশি আহত হয়েছেন।

এই হামলার কারণে ইরান যুদ্ধ বিস্তৃত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি জোরদার হয়েছে বলে রয়টার্স লিখেছে। 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের জাহাজে পাল্টাপাল্টি হামলা চালানোর পর তেহরান সতর্ক করে বলেছিল, মার্কিন তেল ও গ্যাস স্বার্থসহ পারস্য উপসাগরজুড়ে জ্বলানি অবকাঠামোগুলো অরক্ষিত হয়ে পড়েছে। এরপর হুতিরা সৌদি আরবে হামলা চালাল। এই হামলার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।  

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, কিছু জ্বালানি স্থাপনায় আগুন জ্বলছে আর বেশ কিছু মানুষ আহত হয়েছেন। দমকল ও অন্যান্য জরুরি দলগুলো আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চারটি শহরে হুতিদের হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “এই সন্ত্রাসী মিলিশিয়াদের থামাতে জোট বাহিনী প্রয়োজনীয় সব অভিযানের পদক্ষেপ গ্রহণ করবে আর তাদের বৈরি মনোভাব দৃঢ়ভাবে মোকাবেলা করবে।” 

ইয়েমেনের উত্তরাঞ্চল, রাজধানী সানাসহ সবচেয়ে জনবহুল এলাকাগুলো হুতিদের নিয়ন্ত্রণে আছে। জুলাইতে তারা সৌদি আরবের বিরুদ্ধে একটি নৌ অবরোধ শুরু করার ঘোষণা দেয় আর লোহিত সাগরে দেশটির জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। ওই সময় থেকে তারা সৌদি আরবেও হামলা চালাতে শুরু করে। 

ইরান হরমুজ প্রণালিতে নৌযান চলাচল কার্যকরভাবে সীমিত করে দেওয়ার পর হুতিদের কারণে লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে থাকায় বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে বিদ্যমান উদ্বেগ আরও বৃদ্ধি পায়। গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের জাহাজে পাল্টপাল্টি হামলা চালানোর পর চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে পণ্য পরিবহন আরও সীমিত হয়ে গেছে।    

আরও পড়ুন:

উপসাগরে নতুন 'নিয়ন্ত্রিত এলাকা'র পরিকল্পনা ইরানের