২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে ইসরায়েলে হামলা ‘না করতে’ বললেন বাইডেন

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ ইসরায়েলে তাদের নাগরিকদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। জার্মানি নাগরিকদের ইরান ত্যাগ করতে বলেছে।

ইরানকে ইসরায়েলে হামলা ‘না করতে’ বললেন বাইডেন

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2024, 10:33 AM

Updated : 13 Apr 2024, 10:33 AM

ইরান ‘শিগগির’ ইসরায়েলে হামলা চালাতে পারে বলে ধারণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি এ বিষয়ে তেহরানকে সতর্ক করে দিয়ে ইসরায়েলে হামলা ‘না চলাতে’ বলেছেন। 

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই ব্রিগেডিয়ারসহ ১৩ কর্মকর্তা নিহত হন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে ইরান।

ইসরায়েল এ হামলার দায় স্বীকার না করলেও তারাই এর পেছনে ছিল বলে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে; জানিয়েছে বিবিসি।

পুরনো খবর:

ইরানের হুমকি: শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
ইরানের হামলার শঙ্কায় ইসরায়েলে কর্মীদের ভ্রমণে বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
ইরানের হুমকি: শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

ইরানের সমর্থনপুষ্ট ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গাজায় ইসরায়েলের সঙ্গে লড়াই করছে। এর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন ছায়া গোষ্ঠীর অনেকগুলোই ইসরায়েলের বিরুদ্ধে প্রায়ই হামলা চালাচ্ছে।

গাজা যুদ্ধ ওই অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই ইরানি কনস্যুলেটে হামলার ঘটনাটি ঘটে।

যার জেরে ইসরায়েলে যেকোনো সময় বড় ধরণের হামলা হতে বলে সিবিএস নিউজকে শুক্রবার বলেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

যে হামলা প্রতিহত করতে প্রস্তুত থাকার কথা বলেছে ইসরায়েল।

এ বিষয়ে বাইডেন ইরানকে সতর্ক করে বলেছেন, “আমরা ইসরায়েলকে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইসরায়েলকে সমর্থন করবো।

“আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করবো এবং ইরান সফল হবে না।“

এদিকে, ইসরায়েলে ইরানের হামলার ঝুঁকি মাথায় রেখে জার্মানির এয়ারলাইন্স লুফথানসা ইরানে যাওয়া-আসার ফ্লাইট স্থগিত রেখেছে। রাশিয়া নিজেদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ ইসরায়েলে তাদের নাগরিকদের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। জার্মানি নাগরিকদের ইরান ত্যাগ করতে বলেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে ইরানের হুমকির মুখে অন্যত্রও নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হচ্ছে।