ইউক্রেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১০ বছরের নিরাপত্তা চুক্তি সই
ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে চুক্তিটি সই হয়। এর আওতায় ইউক্রেইনীয় বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, অস্ত্র উৎপাদনে সহযোগিতা বাড়ানো-সহ আরও কিছু পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ইউক্রেইনের সঙ্গে ১০ বছর মেয়াদি একটি নিরাপত্তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কয়েকমাসের আলোচনার পর এই চুক্তি হল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রসঙ্গে বলেছেন, “এ চুক্তি আরও একবার রাশিয়াকে মনে করিয়ে দচ্ছে যে, আমরা (ইউক্রেইন) সমর্থন করা থেকে পিছু হটছি না। আমরা আদতে একসঙ্গে দাঁড়িয়ে অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি।”
এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউক্রেইনের সশস্ত্র বাহিনীকে ১০ বছরের জন্য প্রশিক্ষণ দেবে, অস্ত্র উৎপাদনে সহযোগিতা বাড়াবে, সামরিক সহায়তা অব্যাহত রাখবে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়াবে।
এ চুক্তি ইউক্রেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিরাপত্তা সম্পর্কের ভিত স্থাপন করলেও পরবর্তীতে কোনও মার্কিন প্রেসিডেন্ট চাইলে চুক্তিটি না-ও মানতে পারেন। তাছাড়া, এই চু্ক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেইনে যুদ্ধের জন্য সেনা পাঠাতেও প্রতিশ্রুতিব্ধ থাকবে না।
কেবল ইউক্রেইনের প্রতিরক্ষা এবং শত্রু মোকাবেলার সক্ষমতা গড়ে তোলা এবং তা ধরে রাখার হবে এই চুক্তির উদ্দেশ্য। আর ভবিষ্যতে রাশিয়ার কোনও সশস্ত্র হামলার ক্ষেত্রে চুক্তির আওতায় ইউক্রেইনের সঙ্গে আলোচনা করে তাদেরকে প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেইনের এই নিরাপত্তা চুক্তি নিন্দা জানিয়ে এর ‘শাস্তি না হয়ে যাবে না’ বলে জানিয়েছে।
