হ্যারিস বনাম ট্রাম্প: লিঙ্গভেদে বাড়ছে ব্যবধান
নানা জরিপের ফল এবং বিশেষজ্ঞদের মতে, এবছর নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুই প্রার্থীকে সমর্থনের ক্ষেত্রে নারী ও পুরুষ ভেদে সবচেয়ে বড় বিভাজন দেখা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জনপ্রিয়তায় নারী-পুরুষ লিঙ্গভেদে ব্যবধান বাড়ছে।
বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, পুরুষদের মধ্যে ট্রাম্প বেশি জনপ্রিয়তা পাচ্ছেন। আবার নারীদের মধ্যে জনপ্রিয়তা বেশি পাচ্ছেন হ্যারিস। এতে জনপ্রিয়তার মোট হিসাবে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান বেড়ে যাচ্ছে।
এই সব জরিপের ফল এবং বিশেষজ্ঞদের মতে, এবছর নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুই প্রার্থীকে সমর্থনের ক্ষেত্রে নারী ও পুরুষ ভেদে সবচেয়ে বড় বিভাজন দেখা যেতে পারে।
নির্বাচনকে সামনে রেখে সর্বসাম্প্রতিক জরিপ পরিচালনা করেছে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ। মিশিগান, পেনসিলভেইনিয়া এবং উইসকনসিন রাজ্যে ৫ থেকে ৯ অগাস্ট পর্যন্ত ১,৯৭৩ জন সম্ভাব্য ভোটারের ওপর এই জরিপ চালানো হয়। এতে হ্যারিস এবং ট্রাম্পের মধ্যে লিঙ্গভেদে ব্যবধান দেখা গেছে ৩৫ পয়েন্ট।
জরিপটিতে ট্রাম্প পুরুষদের মধ্যে জনপ্রিয়তায় ১৪ পয়েন্টে এগিয়ে আছেন, অর্থাৎ, ট্রাম্প পেয়েছেন ৫২ শতাংশ এবং হ্যারিস পেয়েছেন ৩৯ শতাংশ সমর্থন। ওদিকে, নারীদের মধ্যে হ্যারিস এগিয়ে রয়েছে ২১ পয়েন্টে, অর্থাৎ, হ্যারিস পেয়েছেন ৫৬ শতাংশ এবং ট্রাম্প পেয়েছেন ৩৫ শতাংশ সমর্থন।
এর আগের জাতীয় জনমত জরিপগুলোওতও দুই প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের মধ্যে বড় ধরনের লিঙ্গভেদ দেখা গিয়েছিল।
২২ থেকে ২৪ জুলাইয়ে পরিচালিত টাইমস/সিয়েনা জরিপে দেখা গিয়েছিল, হ্যারিস সম্ভাব্য নারী ভোটারদের মধ্যে ১৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। তিনি পেয়েছিলেন ৫৫ শতাংশ সমর্থন, আর ট্রাম্প পেয়েছিলেন ৪১ শতাংশ।
অন্যদিকে, ট্রাম্প পুরুষদের মধ্যে ১৭ পয়েন্টে এগিয়ে ছিলেন। তিনি পেয়েছিলেন ৫৬ শতাংশ সমর্থন, আর হ্যারিস পেয়েছিলেন ৩৯ শতাংশ সমর্থন। অর্থাৎ, দুই প্রার্থীর মধ্যে লিঙ্গভেদে ব্যবধান দাঁড়িয়েছিল ৩১ পয়েন্টে। জরিপটি চালানো হয়েছিল দেশব্যাপী ১,১৪২ সম্ভাব্য ভোটারের ওপর।
দুই প্রার্থীর মধ্যে লিঙ্গভেদে সমর্থনের ব্যবধান আরও বেশি দেখা গেছে সর্বসাম্প্রতিক কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে। এ জরিপে হ্যারিস নারীদের মধ্যে ১৬ পয়েন্টে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৫৬ শতাংশ সমর্থন, আর ট্রাম্প পেয়েছেন ৪০ শতাংশ।
অন্যদিকে, পুরুষদের মধ্যে ট্রাম্প এগিয়ে আছেন ২৩ পয়েন্টে। তিনি পেয়েছেন ৬০ শতাংশ সমর্থন, আর হ্যারিস পেয়েছেন ৩৭ শতাংশ সমর্থন। অর্থাৎ, লিঙ্গভেদে দুইজনের ব্যবধান দাঁড়িয়েছে ৩৯ পয়েন্টে।
অথচ এনবিসি’র তথ্যমতে, ২০১৬ সালে এনবিসি পরিচলিত বুথফেরত জরিপে তখনকার প্রার্থীদের মধ্যে লিঙ্গভেদে ব্যবধান দেখা গিয়েছিল ২৪ পয়েন্ট, আর ২০২০ সালে এই ব্যবধান দেখা গিয়েছিল ২৩ পয়েন্ট।
সূত্র: নিউজউইক
