২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক নিরাপত্তার অবনতি ঘটছে: জাতিসংঘ

বিদ্যুৎকেন্দ্রটির কাছে একটি ড্রোন হামলার পর এই সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)

জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক নিরাপত্তার অবনতি ঘটছে: জাতিসংঘ
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 07:35 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

ইউক্রেইনের রাশিয়া অধিকৃত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়ার পারমাণবিক চুল্লির নিরাপত্তার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

বিদ্যুৎকেন্দ্রটির কাছে একটি ড্রোন হামলার পর সংস্থাটি পারমাণবিক নিরাপত্তার বিষয়টি নিয়ে এই সতর্কবার্তা দিল।

আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেন, তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং এই কেন্দ্রটির সুরক্ষার জন্য সব পক্ষকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছেন।

ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎকেন্দ্রটির বাইরের রাস্তায় একটি জলাশয়ের কাছে এবং হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের থেকে মাত্র প্রায় ১০০ মিটার দূরে।

ইউরোপের বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির কাছে এ ধরনের বেপরোয়া হামলায় বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়া্য়।

ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ায় অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া সেনা ও কর্মকর্তাদের দখলে রয়েছে। এ সময়জুড়ে এই বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এপ্রিল থেকে বন্ধ এই কেন্দ্রর ছয়টি পারমাণবিক চুল্লি।

গত সপ্তাহে বিদ্যুৎকেন্দ্রটির কুলিং টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর জন্য ইউক্রেইন ও রাশিয়া একে অপরকে দোষারোপও করেছে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ তুলে বলেন, বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনী আগুন দিয়েছে। ওদিকে, জাপোরিজিয়ার ক্রেমলিন নিযুক্ত গভর্নর ইয়েভগেনি বালিতস্কি পাল্টা দোষ দিয়ে বলেন, ইউক্রেনীয়দের বোমাবর্ষণে বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরেছে।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ওইসময় বিদ্যুৎকেন্দ্রটি থেকে ‘গাঢ় কালো ধোঁয়া’ দেখা যাওয়ার কথা বললেও পারমাণবিক নিরাপত্তা ঝুঁকির কথা বলেনি।

বিদ্যুৎকেন্দ্রটিতে শনিবারের ড্রোন হামলা কে চালিয়েছে তা বলেনি আইএইএ। তবে জাপোরিজিয়ায় থাকা আইএইএ  টিম বলেছে,বিস্ফোরকবাহী ড্রোন হামলার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করছে তারা।