২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির আলোচনাকে ‘স্বাগত জানাবে’ হামাস

হামাস সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য আলোচনায় ইচ্ছুক কিনা, এমন প্রশ্নে ফিলিস্তিনি গোষ্ঠীটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ মনোভাব প্রকাশ করেন।

যুদ্ধবিরতির আলোচনাকে ‘স্বাগত জানাবে’ হামাস

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 01:32 PM

Updated : 10 Oct 2023, 02:15 PM

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘লক্ষ্য অর্জনের’ পর ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে তাদের দিক থেকে কোনো বাধা নেই।  

ফিলিস্তিনের ইসলামপন্থি গোষ্ঠীটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য আলোচনায় ইচ্ছুক কিনা, এমন প্রশ্নে ফোনে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস নেতা মুসা আবু মারজুক বলেছেন, “হামাস এই ধরনের কিছু এবং সব ধরনের রাজনৈতিক সংলাপের জন্য উন্মুক্ত আছে।”

শনিবার ভোরে হামাসের অপ্রত্যাশিত ব্যাপক হামলার শিকার হওয়ার পর থেকে গাজায় তীব্র পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল, চলমান এ সহিংসতায় ইতোমধ্যে ১৫০০রও বেশি মানুষ নিহত হয়েছে। বহু পক্ষ এ লড়াই বন্ধ করার ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আবেদন জানিয়েছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামাসের হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা বেড়ে ৯০০ জন হয়েছে আর আহত হয়েছে অন্তত ২৬০০ জন; এছাড়া আরও বহু জনকে ধরে নিয়ে বন্দি করে রেখেছে হামাস।

আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলের আকাশ হামলায় অন্তত ৬৮৭ জন ফিলিস্তিনি নিহত ও ৩৭২৬ জন আহত হয়েছেন।

হামাসের মুখপাত্র আবু উবাইদা সোমবার হুমকি দিয়ে বলেছেন, সতর্কতা জানানো ছাড়া গাজার প্রত্যেকটি বেসামরিক বাড়িতে চালানো বোমা হামলার জন্য একজন করে ইসরায়েলির বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে তা সম্প্রচার করা হবে।

হামাস এ হুমকি দেওয়ার পর গাজায় সর্বশেষ হামলা আকাশ হামলা চালায় ইসরায়েল। তবে এ হুমকির বিষয়ে দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মিশরের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ও তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান ইসরায়েল ও হামাসের প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধ করার ও বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা হামাসের হাতে বন্দি ইসরায়েলি নারী ও শিশুদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৩৬ ফিলিস্তিনি নারী ও শিশুর মুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য দু’পক্ষের কাছে জরুরি ফোন কল করে মধ্যস্থতার চেষ্টা করছেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

গাজার বেসামরিকদের ওপর হামলা হলে জিম্মি হত্যার হুমকি হামাসের