Published : 16 Jun 2026, 12:51 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ অবসানে প্রাথমিক সমঝোতা চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই ফ্রান্সে জি সেভেন সম্মেলনে যোগ দিয়েছেন।
সেখানে তিনি এই চুক্তি নিয়ে গুনগান গেয়েছেন। এখন তিনি ইউক্রেইন এবং লেবাননে লড়াই বন্ধের চেষ্টা নেবেন বলে জানিয়েছেন। ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত হবে এই জি সেভেন সম্মেলন।
সেখানে ইরান পরিস্থিতি, ইউক্রেইন যুদ্ধ, বিশ্বে অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা।
সোমবার সম্মেলনস্থলে পৌঁছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, উপসাগরীয় যুদ্ধ বন্ধে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এরই মধ্যে সই হয়ে গেছে।
বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রকে নিয়ে ক্রমেই বেশি উদ্বিগ হতে থাকার মধ্যে জি৭ সম্মেলনে ট্রাম্পের এই চুক্তির খবর নিয়ে পৌঁছানোতে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই চুক্তি আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে।
চুক্তির আওতায় বিশ্ব বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে । শুক্রবারের মধ্যেই এ প্রণালি পুরোপুরি খুলবে বলে ট্রাম্প জানিয়েছেন।
ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জিতেছে জি সেভেনের মতো জোটের সাহায্য ছাড়াই সংকট মোকাবেলা করেছে।
ইরান সংকট সমাধানের পথে থাকায় এখন ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তিনি এবার রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে যুদ্ধ বন্ধের দিকে নজর দেবেন এবং একইসঙ্গে লেবাননে লড়াই বন্ধের চেষ্টা নেবেন।
ইউক্রেইন যুদ্ধ অবসানের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে ট্রাম্প জানিয়েছেন।
আশাব প্রকাশ করে তিনি বলেছেন যে, উভয় পক্ষই আলোচনার টেবিলে আসতে আগ্রহী এবং তিনি এই সংঘাতের একটি ইতিবাচক সমাপ্তি টানতে পারবেন।