২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিহতদের পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষার পর হামলার চূড়ান্ত সংখ্যা ঘোষণা করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 10:17 AM

Updated : 26 Aug 2026, 10:16 AM

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ প্রায় ১০ জন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

শনিবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতরা সবাই সিরিয়ার নাগরিক। নিহতদের পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষার পর হতাহতদের চূড়ান্ত সংখ্যা ঘোষণা করা হবে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যবহৃত একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

শুক্রবার দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর এ হামলা চালানো হয়। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার এ সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।

পরে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, নাবাতিয়েহ হামলার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আয়ালেত হাশাহার কিবুতজে পাল্টা হামলা চালিয়েছে। 

ইসরায়েল জানিয়েছে, নাবাতিয়েহে হামলার পর লেবানন থেকে মোট ৫৫টি রকেট ছোড়া হয়েছে আর সেগুলোর অন্তত একটির আঘাতে দুই সেনা আহত হয়েছেন।

আরেক প্রতিবেদনে এনএনএ জানিয়েছে, শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাদমুস এলাকায় এম মোটরসাইকেল আরোহীর ওপর ইসরায়েরি ড্রোন থেকে হামলা চালানো হয়, এতে এক ব্যক্তি আহত হন। 

কিন্তু এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। 

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে প্রাণঘাতী এক রকেট হামলার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা চলছে। ওই হামলায় এক ফুটবল মাঠে খেলারত ১২ শিশু নিহত হয়। এ হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডারকে বৈরুতে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। 

শীর্ষ কমান্ডার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ। তেহরানে ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটিতে হামলার চালানোর অঙ্গীকার করেছে ইরান। ইরান ইসরায়েলে হামলা চালালে মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।