২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি: বাইডেন

গাজায় প্রায় ১০ মাসের যুদ্ধ এবং কয়েক হাজার মানুষ হতাহতের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে ইসরায়েলের ওপর চাপ রয়েছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি: বাইডেন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:41 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যেতে পারে বলে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে সর্বশেষ আলোচনার পর আশা প্রকাশ করে তিনি বলেছেন, “আমরা আগের যে কোনও সময়ের চেয়ে এখন যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি।”

চুক্তিটি চূড়ান্ত করার চেষ্টায় বাইডেন তার পররাষ্ট্রমন্ত্রীকে ইসরায়েলে পাঠিয়েছেন বলেও জানান। যদিও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি-কে বলেছেন, চুক্তির বিষয়ে কোনও অগ্রগতি হয়নি।

ইসরায়েল বলেছে, তারা জিম্মি মুক্তি চুক্তি প্রত্যাখ্যান করা থেকে হামাসকে নিবৃত্ত করার যুক্তরাষ্ট্র ও মধ্যস্থাকারীদের চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।

গতবছর ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের হামলায় ১২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার দিন থেকেই গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। তখন থেকে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে নিহত হয়েছে ৪০ হাজারের বেশি মানুষ।

এর মধ্যে কেবল গতবছর নভেম্বরে একবার এক সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২৪০ ফিলিস্তিনি বন্দি ইসরায়েলের জেল থেকে ছাড়া পাওয়ার বিনিময়ে হামাস ১০৫ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল। এখনও হামাসের হাতে ১১১ জিম্মি আছে বলে দাবি ইসরায়েলের। যাদের ৩৯ জনই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বসাম্প্রতিক এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর বলেছে, তারা একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি প্রস্তাব উত্থাপন করেছে, যা হামাস এবং ইসরায়েলের মধ্যে ব্যবধান কমাতে সহায়ক।

ইসরায়েলের দাবি, যে কোনও যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার সময় হামাসের নিয়ন্ত্রণে থাকা জিম্মিদের মুক্তি দিতে হবে।

জিম্মিদের স্বজনেরা বর্তমান যুদ্ধবিরতি আলোচনাকে গাজায় আটক জীবিতদের ফিরিয়ে আনার শেষ সুযোগ হিসেবে অভিহিত করছে।প্রায় ১০ মাসের যুদ্ধ এবং কয়েক হাজার মানুষ হতাহতের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে ইসরায়েলের ওপর চাপ রয়েছে। 

তাছাড়া, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান আলোচন ভেস্তে গেলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়াবে। মধ্যস্থতাকারীরা বলছেন, গত দুই দিনের যুদ্ধবিরতি আলোচনা গঠনমূলক এবং ইতিবাচক পরিবেশে পরিচালিত হয়েছে।