স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী ছিলেন তিনি।
প্রথম মতো নারী প্রেসিডেন্ট পেল স্লোভেনিয়া। নবনির্বাচিত প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স মুসার একজন সাংবাদিক ও আইনজীবী। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী ছিলেন তিনি।
বিবিসি জানায়, স্লোভেনিয়ার মধ্য-বামপন্থি সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন নাতাশা। তিনি রক্ষণশীল ধারার প্রবীণ রাজনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নাতাশা ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। আর লোগার পেয়েছেন ৪৬ শতাংশের সামান্য বেশি ভোট। প্রায় ২০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার উপস্থিতি ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ।
নির্বাচনে জয়ের পর নাতাশা বলেন, স্লোভেনিয়া এমন একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, যিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাশাপাশি যে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ইইউ প্রতিষ্ঠিত তাতে বিশ্বাস রাখেন।
“জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, তরুণরা এখন আমাদের রাজনৈতিক নেতাদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে এই পৃথিবীকে দেখভাল করার, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, শিশুরা সুস্থ ও সুন্দর পরিবেশে জীবনযাপন করতে পারে।”
স্লোভেনিয়ায় প্রেসিডেন্টের ভূমিকা মূলত অলঙ্কারিক। নাতাশা সশস্ত্র বাহিনীর প্রধান হবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিয়োগের ক্ষমতা পাবেন।
মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি থাকার সময় তার স্বার্থ রক্ষায় আইনজীবী হিসেবে কাজ করেছিলেন নাতাশা পিয়ার্স মুসার। মেলানিয়ার জন্মও স্লোভেনিয়ায়।
