পানি টেনে নিচ্ছে মেগাসিটি মুম্বাই, শুকাচ্ছে পল্লী
ভারতে মহারাষ্ট্রে সবচেয়ে জনবহুল নগরী মুম্বাইয়ে পানির জোগান দিতে গিয়ে বিপাকে পড়ছে পানি সরবারহকারী দরিদ্র গ্রামগুলো।
ভারতের দ্বিতীয় বৃহত্তম নগরী ও বাণিজ্যিক রাজধানী মুম্বাই, যার আনুমানিক জনসংখ্যা ২ কাটির বেশি। ঝলমলে এই মেগাসিটির বহুতলভবনগুলোতে পানির চাহিদা মেটাতে গিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দরিদ্র পল্লী এলাকাগুলো।
মহারাষ্ট্রসহ ভারতের বেশ কিছু এলাকাতেই তাপপ্রবাহের কারণে পানি সংকট প্রকট হয়ে উঠেছে। সুপেয় পানির জন্য অনেক দূরে হেঁটে যান গ্রামবাসীরা। একেবারে নিচের স্তরে নেমে যাওয়া পানি সংগ্রহ করতে প্রাণের ঝুঁকি নিয়েই গভীর কুয়ায় নামতে হয় তাদের।
গ্রীষ্মের শুরু থেকেই তীব্র দাবদাহে জ্বলছে ভারতের বিভিন্ন রাষ্ট্র। এর মধ্যে মহারাষ্ট্রের সবচেয়ে জনবহুল বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে পানির জোগান দিতে গিয়ে বিপাকে পড়ছে পানি সরবারহকারী দরিদ্র গ্রামগুলো।
মাথায় ভারি ধাতব পাত্রে দুর্গন্ধময় পানি নিয়ে নবীনওয়াড়ি গ্রামের বাসিন্দা সুনীতা এনডিটিভি পত্রিকাকে বলেন, "মুম্বাইয়ের মানুষ আমাদের পানি পান করে, কিন্তু আমরা পানি পাই না। সরকার-সহ কেউই আমাদের দাবিতে কর্ণপাত করছে না।’
ভারতের জনসংখ্যার সঙ্গে সঙ্গে পানির চাহিদাও বাড়ছে, কিন্তু সরবরাহ বাড়ছে না। কারণ, জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে এবং তাপমাত্রা চরমে পৌঁছে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ সংকট ভয়াবহ সমস্যার পূর্বাভাস দিচ্ছে।
মুম্বাইয়ের বড় আকারের অবকাঠামোর মধ্যে রয়েছে জলাধার যেগুলোর সঙ্গে খালের সংযোগ আছে। আর আছে পাইপলাইন দিয়ে টেনে আনা পানি, যা ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূর থেকে পানি বয়ে নিয়ে আসে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, মৌলিক পরিকল্পনায় ঘাটতি রয়েছে। নবীনওয়াড়ি অঞ্চলের শত শত গ্রাম এবং আশেপাশের বেশ কয়েকটি জেলার সঙ্গে পানির লাইন সংযুক্ত থাকে না।
যেহেতু জনসংখ্যা বেশি তাই চাহিদা অনেক বেশি। এমনকি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
"আমাদের জীবন মানে শুধু পানি সংগ্রহ করা, একবার সংগ্রহ করার পর আবার সংগ্রহ করার চিন্তা শুরু হয়ে যায়," বলেন এক গ্রামবাসী।
তিনি আরও বলেন, 'আমরা প্রতিদিন চার থেকে ছয় রাউন্ড করে পানি সংগ্রহের জন্য যাই। আমাদের অন্য কিছুর জন্য আর সময় থাকে না।’
তাপপ্রবাহ এবং শুকনো কূপ
জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন পরিবর্তন হচ্ছে। দীর্ঘস্থায়ী এবং আরও তীব্র খরা দেখা দিচ্ছে। প্রচণ্ড গরমে কূপও শুকিয়ে যাচ্ছে ।
৩৫ বছর বয়সী সাতগীর বলেন, গ্রীষ্মকালে তিনি দিনে ছয় ঘন্টা পর্যন্ত পানি আনতে ব্যয় করতে পারেন।
ভারতের বিভিন্ন অঞ্চলে এ বছর তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।
যখন কুয়ো শুকিয়ে যায়, তখন গ্রামগুলো সপ্তাহে দুই বা তিনবার অনিয়মিত পানি সরবরাহ করাসহ একটি সরকারি ট্যাঙ্কারের উপর নির্ভর করে।
গ্রামবাসীরা এমন একটি নদী থেকে অপরিশোধিত পানি নিয়ে আসে যেখানে লোকেরা জামাকাপড় ধুতে যায় এবং পশুপাখিকে গোসল করায়।
মুম্বইয়ের ব্যস্ত রাস্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কৃষিপ্রধান শহর শাহাপুরের কাছে ধুলোমাখা গ্রামে সতগিরের বাড়ি।
স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, এই এলাকাটি মুম্বাইয়ের প্রায় ৬০ শতাংশ পানি সরবরাহকারী প্রধান পানিাধারগুলির উৎসস্থল।
"আমাদের চারপাশ থেকে আসা সব পানি বড় শহরের মানুষের কাছে যায়। এ পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি”, বলেন ওই গ্রামবাসী।
তিনি বলেন, “আমাদের তিন প্রজন্ম মাত্র একটি কুয়ার ওপর নির্ভর করে আসছে। এটিই আমাদের একমাত্র পানির উৎস।”
গ্রাম প্রধান রূপালী ভাস্কর সাদগীর (২৬) বলেন, বাসিন্দারা প্রায়ই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েন।
কিন্তু নদী থেকে পানি আনা ছাড়া তাদের আর বিকল্প কোনও পথ নেই।
তিনি আরও বলেন, 'বাঁধে যে পানি পাওয়া যায় তা যেন আমাদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য আমরা কয়েক বছর ধরে সরকারকে অনুরোধ করে আসছি। তবে আমরা আশানুরূপ ফল পাই নি।
রাজ্য ও নয়াদিল্লির সরকারি কর্তৃপক্ষ উভয়ই বলছে যে, তারা এ সমস্যা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং পানি সংকট মোকাবেলায় বারবার প্রকল্প ঘোষণা করেছে।
কিন্তু গ্রামবাসীরা বলছেন, তারা এখনও সেইসব প্রকল্পের সুফল পাননি।
অস্থিতিশীল হার
ভূগর্ভস্থ পানির উৎসগুলো অস্থিতিশীল হারে হ্রাস পাচ্ছে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারত সরকার পরিচালিত নীতি আয়োগ পাবলিক পলিসি সেন্টার ২০২৩ সালের জুলাই মাসের একটি প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে যে "২০৩০ সালের মধ্যে মিঠা পানির প্রাপ্যতা প্রায় ৪০ শতাংশ হ্রাস পাবে"।
"ক্রমবর্ধমান পানির ঘাটতি, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস এবং সম্পদের মানের অবনতি" সম্পর্কেও তারা সতর্ক করেছে।
দিল্লিভিত্তিক পানি অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিভারস অ্যান্ড পিপলের হিমাংশু বলেন, ভারতজুড়ে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
তিনি আরও বলেন, "খরাপ্রবণ অঞ্চল এবং এর জনগণের নামে প্রকল্পগুলো পরিকল্পিত এবং ন্যায়সঙ্গত হলেও বেশিরভাগই কেবল দূরবর্তী শহরাঞ্চল এবং শিল্পের সুবিধার্থে।
নবীনওয়াড়ি গ্রামে পানির ট্যাঙ্কার এলে কয়েক ডজন নারী ও শিশু হাঁড়ি, কড়াই এবং বালতি নিয়ে দৌড়ে বেরিয়ে পড়ে।
৫০ বছর বয়সী দিনমজুর সন্তোষ ত্রামবাখ জানান, সেদিন কাজ না পাওয়ায় তিনি পানি আনার কাজই করেছেন। তিনি বলেন, 'বেশি হাত মানেই ঘরে বেশি পানি।
২৫ বছর বয়সী গণেশ ওয়াঘে বলেন, বাসিন্দারা অভিযোগ ও প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি।
ওয়াঘে বলেন, 'আমরা কোনও বড় উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাঁচছি না। "তবে পরদিন সকালে উঠে পানি পাব শুধু এ আশা নিয়ে বেঁচে আছি।”
