Published : 18 Jun 2026, 10:09 AM
বিশ্বকাপ অভিষেকে দারুণ লড়াই করল উজবেকিস্তান। তাদের হতাশ করে বিশ্ব মঞ্চে ফেরার ম্যাচ জয়ে রাঙাল কলম্বিয়া। এতে বড় ভূমিকা রাখলেন তারকা উইঙ্গার লুইস দিয়াস। দলের প্রথম গোলে অবদান রাখার পর নিজেও পেলেন জালের দেখা।
মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ৩-১ গোলে জিতেছে কলম্বিয়া।
দানিয়েল মুনিয়োস দলকে এগিয়ে নেওয়ার পর উজবেকিস্তানকে সমতায় ফেরান আব্বোসবেক ফয়জুল্লায়েভ। দিয়াস দলকে ফের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান হামিন্তন কাম্পাস।
২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি কলম্বিয়া। এবার জয়ে শুরু করে ‘কে’ গ্রুপের চূড়ায় উঠে গেল কোপা আমেরিকার রানার্সআপরা।
ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যেতে পারত কলম্বিয়া। দিয়াসের গতিময় শট ফেরে পোস্টে লেগে।
৪০তম মিনিটে দলকে এগিয়ে নেন মুনিয়োস। দিয়াসের চমৎকার ক্রসে ছুটে গিয়ে পা অনেকটা সামনে বাড়িয়ে কোনোমতে ছুঁয়ে দিয়ে ঠিকানা খুঁজে নেন এই রাইট ব্যাক।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে ৬০তম মিনিটে সমতা ফেরায় উজবেকিস্তান। এলদর শোমুরোদভের ভলি কলম্বিয়ার গোলরক্ষক ঠিকঠাক ফেরাতে পারেননি, পোস্টে ছুঁয়ে চলে আসে গোললাইনে, বাকিটা অনায়াসে সারেন অরক্ষিত ফয়জুল্লায়েভ।
বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের পর আরও উজ্জীবিত হয়ে উঠে উজবেকিস্তান। কিন্তু তাদের হতাশায় ডুবিয়ে কলম্বিয়াকে ফের এগিয়ে নেন দিয়াস। তার বাঁকানো শটে খুব একটা জোর ছিল না, প্রতিক্রিয়া দেখাতে দেরি করেন উজবেকিস্তান গোলরক্ষক উকতির ইউসুপভ। তার হাতে লেগেও ধীরে ধীরে বল চলে যায় জালে।
র্যাঙ্কিয়ে কলম্বিয়ার (১৩) চেয়ে অনেক পিছিয়ে থাকা উজবেকিস্তান (৫০) আবারও সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল। ৯০তম মিনিটে খুব কাছ থেকে আকমাল মজগোভয় শট লক্ষ্যে রাখতে পারেননি।
গোলের জন্য মরিয়া চেষ্টায় যোগ করা সময়ের নবম মিনিটে আরেকটি গোল হজম করে উজবেকিস্তান। প্রতি আক্রমণে বল পেয়ে সঙ্গে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ডি বক্সে ক্রস করেন চুচো এর্নান্দেস, নিখুঁত হেডে বাকিটা সারেন কাম্পাস।
অন্তিম সময়ে একটুর জন্য ব্যবধান কমাতে পারেননি জাখনগির উরুজভ। তার গতিময় শট ফেরে ক্রসবার কাঁপিয়ে। একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান।