১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজশাহী নগরীতে অবৈধ দখল উচ্ছেদ, জব্দ কয়েকটি যানবাহন

“কেউ পুনরায় অবৈধভাবে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 04:45 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর মোড় থেকে অভিযান শুরু হয়। পরে তা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, “নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। 

“পাশাপাশি অবৈধ পার্কিংয়ের কারণে বাড়ছে যানজট। এসব সমস্যা সমাধানে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করা কয়েকটি যানবাহন জব্দ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদও অভিযানে নেতৃত্ব দেন। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল বলেন, “আজ থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হবে। 

“ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।