স্বপ্ন পূরণের আনন্দে ভাসছেন দিয়াস
হামেস রদ্রিগেসের কীর্তির পুনরাবৃত্তি করতে পেরে যেন খুশির সীমা নেই এই উইঙ্গারের।
জয় দিয়ে বিশ্বকাপে ফেরা রাঙিয়েছে কলম্বিয়া। এতে বড় ভূমিকা রাখা লুইস দিয়াস স্পর্শ করেছেন অধিনায়ক হামেস রদ্রিগেসের দারুণ এক কীর্তি- দেশের হয়ে বিশ্বকাপে একই ম্যাচ গোল ও অ্যাসিস্ট। স্বাভাবিকভাবেই খুশির জোয়ারে ভাসছেন দিয়াস।
মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কলম্বিয়া।
দানিয়েল মুনিয়োস দলকে এগিয়ে নেওয়ার পর উজবেকিস্তানকে সমতায় ফেরান আব্বোসবেক ফয়জুল্লায়েভ। দিয়াস দলকে ফের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান হামিন্তন কাম্পাস।
২০১৮ সালের শেষ দিকে কলম্বিয়ার হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় দিয়াসের। ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি কলম্বিয়া। এবার ২৯ বছর বয়সে তিনি খেলছেন নিজের প্রথম আসর। নিখুঁত ক্রসে মুনিয়োসের গোলে রাখেন অবদান।
এই তারকা উইঙ্গার দারুণ ছন্দে থেকে খেলছেন বিশ্বকাপে। বায়ার্ন মিউনিখের হয়ে নিজের প্রথম মৌসুমে করেছেন ২৬ গোল। সঙ্গে জিতেছেন বুন্ডেসলিগা ও জার্মান কাপ শিরোপা।
২০১৪ সালে কলম্বিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন রদ্রিগেস। তার কীর্তি স্পর্শ করে ভীষণ উচ্ছ্বসিত দিয়াস।
“এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। যখন ওয়ার্ম আপের জন্য মাঠে নামি, তখন অবিশ্বাস্য অনুভূতি কাজ করছিল আমার মধ্যে।”
“আমি এর জন্য কঠোর পরিশ্রম এবং লড়াই করেছি। শৈশবে বিশ্বকাপ খেলার যে স্বপ্ন দেখেছি, সেটা সত্যি হতে দেখলাম। দলের জয়ে একটি গোল আর অ্যাসিস্ট করতে পেরে অনুভূতিটা ছিল আরও দারুণ।”
আগামী বুধবার ডিআর কঙ্গোর মুখোমুখি হবে কলম্বিয়া।
