Published : 18 Jun 2026, 04:49 PM
খুলনা নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার পরদিন বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন বলে জানান একই থানার ওসি মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- সোনাডাঙ্গা থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র।
নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মা নরসিংদী জেলার নিশ্চিন্তপুর থেকে খুলনায় এসে মামলাটি করেন। মামলার পর পুলিশ দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় একটি বাড়ির বারান্দায় এক কিশোরীকে একাধিকবার কান ধরে উঠবস করানো হচ্ছিল। উঠবস করতে দেরি হলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল। এ সময় তাকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিতেও দেখা যায়।
ঘটানাস্থলের পাশের একটি ভবনে পরিবেশবাদি একটি সংগঠনের কর্মশালায় থাকা কয়েকজন বিষয়টি জানালা দিয়ে দেখতে পান। পরে এক সংবাদকর্মী ও কয়েকজন সামাজিক সংগঠনের নারী নেত্রী ওই বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়।
পরে তারা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ডেকে ভেতরে ঢুকে গৃহকর্মীকে উদ্ধার করেন। তার চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার এএসআই সঞ্জয় মিত্রকে আদালতে পাঠানো হয়েছে। আর এএসআই পপি মিত্র অসুস্থ হয়ে পড়ায় তাকে থানার প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।