শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে দেখা করবেন ইইউ অ্যান্টিট্রাস্ট প্রধান
এবারের মেয়াদে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালানোর ক্ষেত্রে তিনি আরও কঠোর অবস্থান নেবেন বলে ধারণা করছেন অ্যান্টিট্রাস্ট বিশেষজ্ঞরা।
অ্যাপল, অ্যালফাবেট, ব্রডকম ও এনভিডিয়ার মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে দেখা করবেন ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট প্রধান মারগ্রেথ ভেস্টাগার।
সামনের সপ্তাহে সম্ভাব্য বৈঠকটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুক্রবার বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন ভেস্টাগারের যোগাযোগ পরামর্শ বিষয়ক কর্মকর্তারা।
লুক্সেমবর্গভিত্তিক ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রধান হওয়ার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর নিজের পুরোনো চাকরীতে ফিরে আসেন ভেস্টাগার। এর মাসখানেক পরই এ বৈঠকের ঘোষণা এল। তবে, এবারের মেয়াদে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালানোর ক্ষেত্রে তিনি আরও কঠোর অবস্থান নেবেন বলে ধারণা করছেন অ্যান্টিট্রাস্ট বিশেষজ্ঞরা।
ভেস্টাগারের পরামর্শক ক্রিস্টিনা হোম আইবার্গ বলেছেন, সামনের বৃহস্পতিবার ও শুক্রবারে স্যান ফ্রান্সিসকো’র পালো আল্টো শহরে অ্যাপল সিইও টিম কুক, অ্যালফাবেট সিইও সুন্দার পিচাই ও সিএলও কেন ওয়াকার, ব্রডকমের সিইও হক ট্যান ও এনভিডিয়ার সিইও জেনসেনের সঙ্গে দেখা করবেন ভেস্টাগার।
এ ছাড়া, ওপেনএআইয়ের প্রযুক্তি প্রধান মিরা মুরাটি ও পরিকল্পনা প্রধান জেসন কুওনের সঙ্গেও দেখা করবেন তিনি।
রয়টার্স বলছে, এ বৈঠকের মূল মনোযোগ থাকবে ইউরোপের ডিজিটাল নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা সংশ্লিষ্ট নীতিমালার ওপর।
গত বছর অ্যাপলের নিজস্ব ‘ট্যাপ-অ্যান্ড-গো’ মোবাইল পরিশোধ ব্যবস্থায় বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে প্রবেশাধিকার দেওয়ার পর কুকের সঙ্গে এ বৈঠক হচ্ছে। আইফোন নির্মাতা কোম্পানিটির এ সুবিধা চালু করার কারণ ছিল, ভেস্টাগারের তদন্ত নিষ্পত্তি করে কোম্পানির সম্ভাব্য জরিমানা মওকুফ।
গত মাসে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে বলেছিল, ইউরোপীয় কমিশন সম্ভবত এ মাসে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী ও গ্রাহকদের কাছে এ বিষয়ে ফিডব্যাক নিতে পারে। তবে, এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়।
১১ জানুয়ারি অ্যালফাবেটের সঙ্গে বৈঠক করবেন ভেস্টাগার। একই দিনে ২৬০ কোটি ডলার জরিমানা নিয়ে গুগলের আপিল শুনানি করবে ইউরোপের শীর্ষ আদালত, যেখানে এ আপিল গ্রহণ বা নাকচ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মামলার বিচারকরা।
কোম্পানির শপিং সেবার মাধ্যমে বাজারে আধিপত্য বিস্তারের অভিযোগে গুগলকে এ জরিমানা করেছিল ইইউ’র অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ।
