২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনারেটিভ এআইয়ে নজর অ্যাপলের, প্রকাশকদের সঙ্গে আলোচনা শুরু

আইফোন নির্মাতা কোম্পানিটি বিভিন্ন সংবাদ মাধ্যমের আর্কাইভ ব্যবহারের লক্ষ্যে প্রায় ৫ কোটি ডলার মূল্যের একটি বহু বছর মেয়াদী চুক্তির প্রস্তাব দিয়েছে।

জেনারেটিভ এআইয়ে নজর অ্যাপলের,  প্রকাশকদের সঙ্গে আলোচনা শুরু

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 06:51 PM

Updated : 23 Dec 2023, 06:51 PM

নিজস্ব জেনারেটিভ এআই ব্যবস্থা বিকাশের লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যম ও প্রকাশনা সংস্থার খবর ও প্রবন্ধ ব্যবহার করার অনুমতি চেয়ে আলোচনায় বসেছে অ্যাপল।

আইফোন নির্মাতা কোম্পানিটি বিভিন্ন সংবাদ মাধ্যমের আর্কাইভ ব্যবহারের লক্ষ্যে প্রায় ৫ কোটি ডলার মূল্যের একটি বহু বছর মেয়াদী চুক্তির প্রস্তাব দিয়েছে বলে গেল শুক্রবার এক প্রতিবেদনে লিখেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

ওই প্রতিবেদন অনুসারে, অ্যাপলের যোগাযোগ করা গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে ‘ভোগ’ সাময়িকী ও ‘দ্য নিউ ইরর্কার’-এর প্রকাশক কনডে নস্ট; এনবিসি নিউজ; এবং যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি বিখ্যাত সাময়িকী ‘পিপল’ ও ‘বেটার হোমস অ্যান্ড গার্ডেনস’ আর জনপ্রিয় সংবাদ সাইট ‘দ্য ডেইলি বিস্ট’-এর মালিক আইএসি।

তবে, অ্যাপল চুক্তির বিষয়ে যোগাযোগ করলে কোনো কোনো প্রকাশক তেমন সাড়া দেয়নি বলে উল্লেখ রয়েছে ওই প্রতিবেদনে। আর এ নিয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলে অ্যাপলও তাৎক্ষণিক সাড়া দেয়নি বলে লিখেছে রয়টার্স।

বিশ্বব্যাপী সব টেক জায়ান্ট জেনারেটিভ এআই প্রযুক্তি বিকাশে ব্যাপক পরিসরে বিনিয়োগ করছে। অ্যাপলও তাদের নতুন সকল গ্যাজেটের মৌলিক সব ফিচার উন্নয়ন করার উদ্দেশ্যে ব্যবহার করছে এই প্রযুক্তি।

পাশাপাশি, গেল অক্টোবরে কোম্পানিটি ‘ম্যাকবুক প্রো’, ‘আইম্যাক’ কম্পউটার ও এগুলো সচল রাখতে নতুন তিনটি চিপ উন্মোচন করে বলেছে প্রচুর মেমরি ধরে রাখার ক্ষমতাসম্পন্ন এই কম্পিটারগুলো এআই গবেষকরা অনায়াসে ব্যবসার করতে পারবেন।