২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জিমেইলের পর চ্যাটজিপিটিতে এবার মিলবে আইক্লাউড

ফ্রি বা পেইড যে কোনো সাবস্ক্রিপশন ব্যবহারকারীই ডেস্কটপ, ওয়েব ও আইওএসে এসব সেবা ব্যবহার করতে পারবেন।

জিমেইলের পর চ্যাটজিপিটিতে এবার মিলবে আইক্লাউড

ওপেনএআইয়ের প্রো প্ল্যান ব্যবহারকারীদের ক্ষেত্রে কোম্পানি এআই এজেন্ট ‘ডট’ ও এসব প্লাগইন ব্যবহার করতে পারবে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 02:05 PM

Updated : 29 Oct 2026, 02:05 PM

জিমেইলের পর এবার চ্যাটজিপিটিতে অ্যাপলের ইমেইল ও ক্যালেন্ডার সেবার সমর্থন যোগ করেছে ওপেনএআই।

আইক্লাউড মেইল ও আইক্লাউড ক্যালেন্ডার-এর নতুন প্লাগইনের সুবাদে এখন থেকে জিমেইল ও গুগল ক্যালেন্ডারের মতো আইক্লাউডের সঙ্গেও কাজ করতে পারবে এই এআই চ্যাটবট।

ওপেনএআই বলেছে, প্লাগইনগুলো সক্রিয় করার পর অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে একটি ‘অ্যাপ-স্পেসিফিক পাসওয়ার্ড’ তৈরি করতে হবে।

এরপর ফ্রি বা পেইড যে কোনো সাবস্ক্রিপশন ব্যবহারকারীই ডেস্কটপ, ওয়েব ও আইওএসে এসব সেবা ব্যবহার করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এ ছাড়া, ওপেনএআইয়ের প্রো প্ল্যান ব্যবহারকারীদের ক্ষেত্রে কোম্পানির এআই এজেন্ট ‘ডট’ও এসব প্লাগইন ব্যবহার করতে পারবে।

ব্যবহারকারীরা কেবল একটি প্রম্পটের মাধ্যমেই চ্যাটজিপিটি ব্যবহার করে আইক্লাউড ইমেইল বা ক্যালেন্ডার ইভেন্ট পড়তে ও পরিচালনা করতে পারবেন।

তবে এসব প্লাগইনের কার্যপদ্ধতি ম্যাকওএসের নিজস্ব মেইল ও ক্যালেন্ডার অ্যাপের সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার চেয়ে কিছুটা আলাদা।

সাধারণত ওইসব অ্যাপে আউটলুক বা জিমেইলের মতো থার্ড-পার্টি সেবার ইনবক্স ও ক্যালেন্ডারও দেখা যায়।

এদিকে, আইক্লাউড মেইল ও আইক্লাউড ক্যালেন্ডার প্লাগইনগুলো কেবল অ্যাপলের নিজস্ব সেবার সঙ্গে যুক্ত বার্তা ও ক্যালেন্ডার ইভেন্টগুলোতেই চ্যাটজিপিটিকে প্রবেশাধিকার দেবে। এতে করে যারা আইক্লাউড ব্যবহার করেন না, তাদের জন্য এটা কোনো কাজে আসবে না।

ওপেনএআইয়ের এই সেবা চালুর বিষয়টি অ্যাপলের সঙ্গে তাদের জটিল সম্পর্কেরই বহিঃপ্রকাশ। সিরি’র সঙ্গে সরাসরি যোগ হওয়া প্রথম এআই অ্যাসিস্ট্যান্ট ছিল চ্যাটজিপিটি।

তবে নিজেদের এআই মডেল ঢেলে সাজাতে ওপেনএআইয়ের বদলে গুগলের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়ায় প্রথম ইঙ্গিত মিলেছিল, দুই কোম্পানির সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে।

জুলাইয়ে ওপেনএআইয়ের কর্মীরা অ্যাপলের গোপন বাণিজ্যিক তথ্য চুরি করেছেন এমন অভিযোগে অ্যাপলের করা মামলা সেই ধারণাকে আরও জোরালো করে।

অথচ এরপরও নতুন এম৬ আইম্যাক ও ম্যাকবুক প্রো’র পাশাপাশি অ্যাপল ‘ক্রিয়েটর স্টুডিও’ আপডেট ঘোষণা করেছে, যার মধ্যে পেজেস, নাম্বারস ও কিনোট-এ ওপেনএআইয়ের মডেলে আংশিক চালিত নতুন চ্যাটবট অভিজ্ঞতা রাখা হয়েছে।

এসব থেকে বোঝা যায়, কোনো কোম্পানিই একে অপরের কাছ থেকে পুরোপুরি দূরে সরে যেতে চাচ্ছে না বা সরে যাওয়ার সামর্থ্য রাখছে না।