মহাকাশে প্রথম ‘উধাও’ গ্রহের সন্ধান, নেপথ্যে প্রতিবেশীর কারসাজি
২০১৯ সালে গ্রহটি প্রথম আবিষ্কার করে নাসা। তখন থেকেই নিয়মিত পর্যবেক্ষণে ছিল এটি, যা এ বছরে হঠাৎ করেই গায়েব হয়ে গেছে।
জ্যোতির্বিজ্ঞানীরা নতুন এক গ্রহের খোঁজ পেয়েছেন, যাকে তারা মহাকাশের ইতিহাসে প্রথম ‘উধাও হয়ে যাওয়া’ বা ‘গায়েব হওয়া’ গ্রহ বলে ধারণা করছেন।
দূরবর্তী ওই গ্রহটির নাম ‘টিওআই-২৫৩৫ বি’। এটা ‘হট জুপিটার’ বা উত্তপ্ত বৃহস্পতির মতো বড় এক গ্রহ, যেখানে একটি পুরো বছর হতে সময় লাগে সোয়া আট দিন।
বিগত কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রাখার পর বিজ্ঞানীরা দেখেছেন, এ বছরে হঠাৎ করেই গ্রহটি পুরোপুরি নজরের বাইরে বা গায়েব হয়ে গেছে।
তবে গবেষকরা বলছেন, গ্রহটি আসলে অস্তিত্বহীন বা ধ্বংস হয়ে যায়নি, বরং প্রতিবেশী আরেকটি গ্রহের তীব্র মহাকর্ষ বলের প্রভাবে এর কক্ষপথ এমনভাবে বেঁকেছে, যার ফলে পৃথিবী থেকে এটা আর দেখা যাচ্ছে না।
তারার সামনে দিয়ে যাওয়ার সময় তারার আলো কিছুটা কমে যাওয়ার ঘটনা পর্যবেক্ষণ করেই জ্যোতির্বিজ্ঞানীরা এ ধরনের নতুন গ্রহ খুঁজে পান।
২০১৯ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ বা টিইএসএস-এর মাধ্যমে গ্রহটি প্রথম আবিষ্কৃত হয় ও তখন থেকেই নিয়মিত পর্যবেক্ষণে ছিল গ্রহটি।
পরবর্তী সাত বছর ধরে ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা দেখেছেন, গ্রহটি এর তারাকে নির্দিষ্ট সময়ের নিয়মে অতিক্রম করছে না, বরং কখনো সময়ের ছয় ঘণ্টা আগে আবার কখনো ছয় ঘণ্টা পরে অতিক্রম করছে।
পাশাপাশি, এই অতিক্রমের সময়কালও ক্রমশ ছোট ও অস্পষ্ট হয়ে আসছিল, যা এ বছরের শুরুতে পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিজ্ঞানীদের ধারণা, একটি অদৃশ্য গ্রহের মহাকর্ষীয় টানের কারণেই এমনটি ঘটেছে, যার নিজস্ব হেলানো কক্ষপথ রয়েছে।
দুটি গ্রহের এই টানাটানির ফলে লাটিমের মতো দুলতে শুরু করে এদের কক্ষপথ। আর কক্ষপথের এমন বিচ্যুতির কারণেই হঠাৎ করে বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গির বাইরে চলে গিয়ে গ্রহটি গায়েব হয়ে যায়।
গবেষণাপত্রটির অন্যতম লেখক স্যামুয়েল ই বলেছেন, “আমরা বিশ্বব্রহ্মাণ্ডকে একটি ঘড়ির কাঁটার নিখুঁত কাঠামোর সঙ্গে তুলনা করি, যেখানে সবকিছুই সুনির্দিষ্ট নিয়মে চলে। তবে বিষয়টি মোটেও তেমন নয়।
“কোনো সৌরজগতে যদি একাধিক গ্রহ থাকে তবে এরা একে অপরের কক্ষপথের ওপর প্রভাব ফেলতে পারে। আমরা এ ধরনের আরও কয়েকটি সৌরজগতের অস্তিত্বের কথা জানি।
“এখন পর্যন্ত আমাদের দেখা এটাই সবচেয়ে ব্যতিক্রমী উদাহরণ, কারণ এখানে দুটি গ্রহের মধ্যবর্তী প্রভাব তীব্র। গ্রহটির কক্ষপথ এত দ্রুত হেলে পড়ছে যে আমাদের সরাসরি পর্যবেক্ষণের মাঝেই এটা গায়েব হয়ে গেছে।”
তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, গায়েব হয়ে যাওয়া গ্রহটি আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে আবারও দেখা দেবে। আর যে অদৃশ্য গ্রহটির কারণে এটা ঢাকা পড়েছে তা হয়ত আরও আগেই নজরে আসতে পারে।
যে প্রক্রিয়ার কারণে গ্রহটি গায়েব হয়েছে একই কারণে পৃথিবীতে গ্রহণ এত বিরল একটি ঘটনা হয়ে দাঁড়ায়। চাঁদের কক্ষপথ যদি পৃথিবীর সঙ্গে হুবহু একই সমতলে থাকত তবে প্রতি মাসেই অন্তত একটি গ্রহণ দেখা যেত।
তবে বাস্তবে চাঁদের কক্ষপথ কিছুটা হেলানো, যা এর তৈরি হওয়ার ইতিহাসকেই নির্দেশ করে। এ কারণেই গ্রহণের মতো ঘটনা সচরাচর ঘটে না।
