চীনে আবারও আইফোনের দাম কমালো অ্যাপল
আইফোনের এ মূল্যছাড় চলবে ২০ মে থেকে ২৮ মে পর্যন্ত, যেটি ফেব্রুয়ারিতে বেঁধে দেওয়া অ্যাপলের মূল্যছাড়ের চেয়ে অনেক বেশি।
চীনা বাজারে হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেই সম্প্রতি চীনে আইফোনের দাম কমিয়েছে অ্যাপল।
চীনের স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসাভিত্তিক সাইট ‘টিমল’-এ আকর্ষণীয় ডিসকাউন্টিং ক্যাম্পেইন চালু করেছে কোম্পানিটি, যেখানে কিছু নির্বাচিত আইফোন মডেলে ছাড় দেওয়া হচ্ছে ২৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার পর্যন্ত।
‘হাই-এন্ড স্মার্টফোন’ বাজারে নিজস্ব অবস্থান ধরে রাখার চেষ্টায় অ্যাপল এই মূল্যছাড় দিয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে, যেখানে হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বীর থেকে ধারাবাহিকভাবে প্রতিযোগিতার মুখে পড়ছে মার্কিন টেক জায়ান্ট কোম্পানিটি৷
এ মূল্যছাড় চলবে ২০ মে থেকে ২৮ মে পর্যন্ত, যা এর আগে ফেব্রুয়ারিতে অ্যাপলের বেঁধে দেওয়া মূল্যছাড়ের চেয়েও বেশি।
ফেব্রুয়ারিতে আইফোনের মূল্যছাড়ের ক্যাম্পেইনে সর্বোচ্চ ডিসকাউন্ট ছিল ১১৫০ ইউয়ান। আর এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৩০০ ইউয়ান পর্যন্ত। এক টেরাবাইট স্টোরেজের আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে সবচেয়ে বেশি ছাড় দেওয়া হলেও অ্যাপলের অন্যান্য মডেলেও বড় মূল্যছাড় দিতে দেখা গেছে কোম্পানিটিকে।
এদিকে, আইফোন ১৫’র মূল মডেলের ১২৮ জিবি সংস্করণে ১৪০০ ইউয়ান ছাড় রয়েছে বলে সোমবার প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
গত মাসে হুয়াওয়ের নতুন সিরিজের হাই-এন্ড স্মার্টফোন বাজারে আসার পর অ্যাপলের ওপর প্রতিযোগিতামূলক বাড়তি চাপ আসে। গত বছরের আগস্টে ‘মেট ৬০’র পর ‘পুরা ৭০’ নামের আরেকটি ফোন বাজারে এনেছে হুয়াওয়ে।
ফেব্রুয়ারিতে অ্যাপলের আইফোনের মূল্যছাড়ের প্রচেষ্টা কোম্পানিটিকে চীনে বিক্রয় মন্দা কাটিয়ে উঠতে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে।
‘চায়না একাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (সিএআইসিটি)’-এর তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব বলছে, মার্চ মাসে চীনে অ্যাপলের চালান বেড়েছে ১২ শতাংশ।
এর আগে অ্যাপল ৩৭ শতাংশ মন্দার কবলে পড়লেও এই হিসাব ২০২৪ সালে প্রথম দুই মাসের কোম্পানির উন্নতির বিষয়টি তুলে ধরে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
