Published : 06 Jul 2023, 06:04 PM
নভেম্বরে সাড়া জাগানো আত্মপ্রকাশের পর এই প্রথম ভাটা পড়েছে কৃত্রিমবুদ্ধিমত্তা নির্ভর বহুল আলোচিত অ্যাপ চ্যাটজিপিটির ব্যবহারে।
বিশ্লেষক কোম্পানি সিমিলারওয়েব বলছে, জুন মাসে প্রথমবারের মতো কমেছে তাদের নিয়মিত ও অনিয়মিত ব্যবহারকারীর সংখ্যা।
প্রাপ্ত ডেটা অনুসারে মে মাসের তুলনায় বিশ্বব্যাপী চ্যাটজিপিটির ডেস্কটপ এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমেছে নয় দশমিক সাত শতাংশ। এর মধ্যে অনিয়মিত ব্যবহারকারী কমেছে পাঁচ দশমিক সাত শতাংশ, আর সাইটে ব্যবহারকারীদের কাটানো সময় কমেছে আট দশমিক পাঁচ শতাংশ।
সিমিলারওয়েবের ইনসাইট ম্যানেজার ডেভিড কার বলেছেন, ব্যবহারকারী কমার অর্থ হচ্ছে চ্যাটবটটির জৌলুস কমছে।
“তার মানে হচ্ছে, জেনারেটিভ এআইয়ের কাছে সর্বশেষ তথ্য পাওয়ার চাহিদা বাড়ছে।” – প্রাপ্ত ডেটার এমন ব্যাখ্যাই দিলেন আরবিসি ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক ঋষি জালুরিয়া।
ওপেনএআইয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করে কোনো জবাব পায়নি বলে জানিয়েছে রয়টার্স।
প্রকাশের পরপরই লেখা থেকে শুরু করে কোডিং পর্যন্ত নানারকম প্রাত্যহিক কাজে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয় চ্যাটজিপিটি। বাজারে আসার দুই মাসের মাধ্যেই গত জানুয়ারিতে দশ কোটি নিয়মিত ব্যবহারকারীর কাছে পৌঁছে যায় এটি।
এখন ওয়েবসাইটিতে প্রতিমাসে দেড়শো কোটি ভিজিট হয়, যা ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে জনপ্রিয় হওয়া কনজিউমার অ্যাপ্লিকেশন এবং পৃথিবীর শীর্ষ ২০টি ওয়েবসাইটের একটি।
“আমি মনে করি আপনি যখনি খুব দ্রুত শূন্য থেকে দশকোটিতে গিয়ে পৌঁছান তখন সংকটও বাড়তে থাকে। নির্ভুল ফলাফল দেওয়ার জন্য আপনাকে অতিমাত্রার অত্যাধুনিক অবকাঠামো ব্যবহার করতে হবে। যেগুলো দিয়ে এআই মডেলকে ট্রেইনিং দেওয়া হয়েছে সেগুলোকে ক্রমাগত বদলাতে হয় সেইসঙ্গে আছে নিয়ন্ত্রণ বেড়ে যাওয়ার সম্ভাব্য ঝুঁকি।” –বলেছেন ‘আমেরিকাস অ্যাট ম্যাকোয়ারি’র প্রযুক্তি গবেষণা প্রধান সারাহ হিন্ডলিয়ান-বোউলার।
গত মে মাসে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য চ্যাটজিপিটি অ্যাপ আনে ওপেনএআই, যার জন্য ওয়েবসাইটিতে ট্রাফিক কমতে পারে। এর ওপর যুক্তরাষ্ট্রে চলছে গ্রীষ্মকালীন ছুটি যার কারণেও চ্যাটজিপিটির ওপর হোমওয়ার্কের চাপ কমতে পারে বলে অনুমানের উল্লেখ রয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
মঙ্গলবার পর্যন্ত আইওএস প্ল্যাটফর্মে চ্যাটবটটি এক কোটি ৭০ লক্ষের চেয়ে বেশি ডাউনলোড হয়েছে বলছে ডেটা ডট আই।
বিশ্লেষক কোম্পানিটি বলেছে ৩১ মে তে ডাউনলোড ছিলো সর্ব্বোচ্চ এবং বাজারে আসার প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার ধারা অব্যাহত রেখে প্রতি সপ্তাহে গড়ে পাঁচ লক্ষ ৩০ হাজার ডাউনলোড হয়।
চ্যাটজিপিটি চালাতে খুবই উচ্চমানের কম্পিউটিং ক্ষমতা লাগে, ফলে চ্যাটবটটিতে ব্যবহারকারীদের চাপ কিছুটা কমলে তা কোম্পানিটির ব্যয় নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। প্রযুক্তিটি চালানোর ব্যয়কে “চোখে পানি আসার মতো” বলেছেন ওপেনআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
চ্যাটজিপিটি বিনামূল্যে ব্যবহার করা যায়, তবে কোনো গ্রাহক চাইলে মাসে ২০ ডলারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন যার ফলে ওপেনএআইয়ের আরও উন্নত মডেল জিপিটি-৪ ব্যবহার করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ১৫ লাখ গ্রাহক প্রিমিয়াম সাবস্ক্রিপশন গ্রহণ করেছেন, বলছে ইপিটডেটার সর্বশেষ বিশ্লেষণ।
এ বছর ২০ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করেছে ওপেনেআই। চ্যাটজিপিটির পাশাপাশি কোম্পানিটি ডেভেলপার এবং বিভিন্ন কোম্পানির কাছে তাদের এআই মডেলের এপিআই-এর মাধ্যমেও আয় করছে। ইতোমধ্যে কোম্পানিটিতে মাইক্রোসফট বিনিয়োগ করেছে এক হাজার কোটি ডলার।