১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইফোনের ‘অলওয়েজ অন ডিসপ্লে’ ফিচারের খুঁটিনাটি

‘শো নোটিফিকেশন’ টগলটি বন্ধ করে দিলে ফিচারটি নোটিফিকেশন না দেখিয়ে কেবল সময় ও অন্যান্য উইজেটস দেখাবে।

আইফোনের ‘অলওয়েজ অন ডিসপ্লে’ ফিচারের খুঁটিনাটি
ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 07:06 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

আইফোনের ‘অলওয়েজ অন ডিসপ্লে’ (এওডি) ফিচারটি চালু থাকলে, ফোনের ঘড়ি ও আইওএস লক স্ক্রিন সবসময় জ্বলে থাকে। এতে খরচ হতে পারে ব্যাটারির চার্জ।

ভরসার কথা হচ্ছে, ফিচারটি খুব সহজেই আইফোনের সেটিং থেকে বদলে নেওয়া যায়।

এটি বন্ধ করতে প্রথমে আইফোনের সেটিংস অ্যাপটি চালু করুন। সেখান থেকে ‘ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস’ অপশনে চাপ দিন। স্ক্রল করে ‘অলওয়েজ অন’ টগলটিতে চাপ দিলেই ফিচারটি বন্ধ হয়ে যাবে।

এ ছাড়া, কেউ চাইলে ফিচারটি নিজের মতো করে কাস্টমাইজ বা বদলে নিতে পারেন।

এটি করার জন্য প্রথমে সেটিংস অ্যাপে যান। এরপরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশন থেকে অলওয়েজ অন ডিসপ্লে অপশনের ওপরে চাপ দিন। সেখান থেকে বিভিন্ন অপশনের টগল নিজের মতো বন্ধ করে নিতে পারবেন।

উদাহরণ হিসেবে, ‘শো নোটিফিকেশন’ টগলটি বন্ধ করে দিলে ফিচারটি নোটিফিকেশন না দেখিয়ে কেবল সময় ও অন্যান্য উইজেটস দেখাবে। এ ছাড়া, ওয়ালপেপার অপশনের টগলটি বন্ধ করে দিলে লকস্ক্রিনের ওপরে শুধু কালো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে।

তবে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি সব আইফোনে ব্যবহার করা যায় না। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ফিচারটি আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সেই ব্যবহার করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক।

এওডি ফিচারটি চালু করলে স্ক্রিন লক করা হলেও ফোনের ডিসপ্লে চালু থাকবে। এ ফিচারটি তখনই দরকার হতে পারে যখন কারো ফোন লক করা ছাড়াই সময় বা নোটিফিকেশন দেখার প্রয়োজন পড়ে।

এ ছাড়া, ফিচারটির কিছু বাড়তি সুবিধা রয়েছে। যেমন, অলওয়েজ অন ডিসপ্লে চালু করে আইফোনের ডিসপ্লেটি নিচের দিকে রাখলে স্বয়ংক্রিয়ভাবেই ডিসপ্লে বন্ধ হয়ে যাবে। একইভাবে ফোনটি ব্যাগে বা পকেটে রাখলে কিংবা লো পাওয়ার মোড চালু করলেও ডিসপ্লে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ফোনের স্ক্রিন ডিমিং ফিচার ও কম রিফ্রেশ রেটের কারণে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারে সামান্যই চার্জ লাগে বলে দাবি অ্যাপলের। তবে, অনেক সময় সামান্য চার্জই খুব দরকারি হতে পারে।