২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কোনো ব্যাখ্যা ছাড়াই বন্ধ হচ্ছে ফোর্টনাইটের চীনা সংস্করণ

চলতি মাসেই বন্ধ হচ্ছে জনপ্রিয় অনলাইন শুটিং গেইম ফোর্টনাইটের চীনা সংস্করণ ‘ফোর্ট্রেস নাইট’। গেইম বন্ধ করার কথা বললেও এখন পর্যন্ত তার কোনো কারণ ব্যাখ্যা করেনি গেইমটির নির্মাতা এপিক গেইমস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 12:54 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

‘ফোর্ট্রেস নাইট’ চীনের বাজারে পরীক্ষামূলকভাবে চালু ছিল দুই বছর। এপিকের সাম্প্রতিক এক ঘোষণা অনুযায়ী ১৫ নভেম্বর বন্ধ হচ্ছে গেইমটি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১ নভেম্বর থেকেই নতুন সাইন-আপ বন্ধ করে দিয়েছে এপিক গেইমস।

উল্লেখ্য, সাম্প্রতি সময়ে গেইমিং শিল্পসহ প্রযুক্তিখাতের সব প্রতিষ্ঠানের উপরই কড়াকড়ি আরোপ করেছে চীনা সরকার। বিশেষ করে শিশুদের ঘণ্টার পর ঘন্টা অনলাইন গেইম নিয়ে মেতে থাকা ঠেকাতে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে দেশটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

চীনের বাজারে ২০১৮ সালে নিয়ে আসতে ‘ফোর্ট্রেস নাইটে’র নির্মাতা এপিক গেইমসকে সহযোগিতা করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট।

ভিন্ন নীতিমালা ও সংস্কৃতির কারণে চীনের বাজারে ব্যবসা করার জন্য পরিবর্তন আনতে হয় বেশিরভাগ পশ্চিমা ভিডিও গেইমে। ফোর্ট্রেস নাইটও এর ব্যতিক্রম নয়। বেশকিছু বড় পরিবর্তনের ভেতর দিয়ে গিয়েছে গেইমটি। একজন গেইমার কতোক্ষণ ভিডিও গেইম খেলতে পারবেন তার উপর আরোপিত বিধিনিষেধের কারণে নির্দিষ্ট সময়ের বাইরে খেলা সম্ভব ছিল না। এ ছাড়াও অনুমতি পায়নি গেইমের ভিতরে আর্থিক লেনদেনের ফিচার। 

অগাস্ট মাসেই চীনের নীতিনির্ধারকরা ঘোষণা দেন, ১৮ বছরের কম বয়সীরা শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য ছুটির দিনে দৈনিক এক ঘণ্টা করে ভিডিও গেইম খেলার সুযোগ পাবে।

তরুণদের ভিডিও গেইম আসক্তি নিয়ে চীন সরকার শঙ্কিত অনেক দিন ধরেই। চলতি বছরেই দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত এক সংবাদপত্র ভিডিও গেইমকে “আত্মিক মাদক” বলে আখ্যা দিয়েছিল।

ফোর্ট্রেস নাইট বন্ধ করার ঘোষণায় এপিক বলেছে, “ফোর্টনাইট চীনের সকল খেলোয়াড়কে ধন্যবাদ যারা বেটাতে অংশ নিয়ে আমাদের ব্যাটল বাসের সঙ্গে যাত্রায় ছিলেন।” ফোর্টনাইটের চীনা সংস্করণ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে রয়টার্সের কাছে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি এপিক গেইমস।

চীনের বাজারে ফোর্টনাইট বেশ প্রতিক্ষিত একটি গেইম ছিল। পশ্চিমা বাজারে ফোর্টনাইটের অভিষেকের এক বছর পর চীনের বাজারে অভিষেক হয় ফোর্ট্রেস নাইটের। পশ্চিমা গেইমারদের মধ্যে জনপ্রিয় গেইমগুলো খুব কম ক্ষেত্রেই চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়।

চীনের বাজারে ব্যবসা করার জন্য গেইমগুলোকে শর্ত ও নীতিমালার লম্বা তালিকা মেনে চলতে হয়। সহিংস ও বেশি খোলামেলা কন্টেন্ট থাকলে বা গেইমে চীনকে নেতিবাচকভাবে তুলে ধরা হলে চীনের বাজারে প্রবেশের সুযোগ মেলে না গেইমগুলোর কপালে।

প্রতিবেদনে রয়টার্স বলছে, পশ্চিমা গেইমগুলোকে চীনের বাজারে প্রবেশের অনুমতি পেতে বছরখানেক অপেক্ষা করতে হয়, ওই সময়ে নিয়ন্ত্রকরা গেইমের সবকিছু চীনের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটি খতিয়ে দেখেন।

চুলচেরা বিশ্লেষণ পেরোনোর পাশাপাশি প্রথমেই স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নিজেদের গেইমের স্বীকৃতি যোগাড় করতে হয় গেইমের নির্মাতাকে। এরপর চীনের জন্য বিশেষায়িত সার্ভার থেকে পরিচালিত হয় গেইমগুলো। এর ফলে, চীনের মূল ভূখণ্ডের গেইমাররা একে অন্যের সঙ্গে খেলার সুযোগ পেলেও আন্তর্জাতিক পর্যায়ের গেইমারদের সঙ্গে খেলার সুযোগ পান না।

রয়টার্স জানিয়েছে, একটা সময়ের জন্য ফোর্ট্রেস নাইট ছিল একমাত্র বিদেশি গেইম যা চীনের সব নীতিগত প্রতিবন্ধকতা কাটিয়ে বাজারে প্রবেশ করে টিকে ছিল।