২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানা দরকার অথচ এআই নিয়ে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে না

এই প্রযুক্তিটির মাধ্যমেই নেটফ্লিক্স আপনার রূচির সঙ্গে মিল রেখে সিনেমার সন্ধান দেয়, এই মাধ্যমেই ঝুঁকিপূর্ণ স্প্যাম মেসেজ আটকানো হয়, এর মাধ্যমেই সামাজিক মাধ্যমের ফিড থেকে বিদ্বেষপূর্ণ ও অপ্রীতিকর কন্টেন্ট সরানো হয়।

জানা দরকার অথচ এআই নিয়ে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে না

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 05:00 PM

Updated : 28 Jun 2023, 05:00 PM

শীর্ষ ব্যবসায়ীরা এ নিয়ে কথা বলছেন, তার সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা, এদিকে আবার ড্রেকের মতো কিছু শিল্পীও সম্ভবত ক্ষেপে আছেন প্রযুক্তিটির ওপর।

পছন্দ কিংবা ঘৃণা যাই থাকুক সবার চোখ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে। এআই প্রযুক্তির একটি নতুন ধাপ এসে, বলা যায় রাতারাতিই জায়গা করে নিয়েছে শতকোটি মানুষের নিত্য ব্যবহার্য পণ্যে এবং বদলে দিয়েছে মানুষের কাজ, কেনাকাটা, সৃজনশীলতা এবং একে অন্যের সঙ্গে যোগাযোগ পদ্ধতিতে। 

এআই সমর্থকেরা বলছেন উৎপাদনশীলতা বাড়াতে, উন্নতমানের কর্মক্ষেত্র তৈরি করতে, আরও মানসম্মত শিক্ষা এবং আরও কার্যকরী চিকিৎসা সেবা দিতে প্রযুক্তিটির সম্ভবনার কথা। অন্যদিকে এআই মানুষের কর্মসংস্থান কেড়ে নেওয়া, বানোয়াট তথ্য ছড়ানো এমনকি মানবজাতির বিলুপ্তির ডেকে আনার মতো ঝুঁকি নিয়ে আওয়াজ তুলেছেন সমালোচকেরা। 

দুপক্ষের কেউই যে মিথ্য বলছেন না সেটি স্পষ্ট হল প্রযুক্তিজগতের তীর্থস্থান খোদ সিলিকন ভ্যালিতে ঘটে যাওয়া কিছু ঘটনায়। জনমনে জমতে থাকা বিভ্রান্তি আরও উসকে দেওয়াই যার ফলাফল।

সে যাই হোক, অবস্থাদৃষ্টে এটা পরিষ্কার যে সামনের দিনগুলোতে এআইয়ের উপস্থিতি আরও বাড়বে এবং প্রযুক্তিটি দিনদিন তীব্র বেগে উন্নত থেকে উন্নততর হচ্ছে। তাই সেই বদলের সঙ্গে টিকে থাকতে হলে আপনাকে এআইয়ের ব্যপারে কী কী জানা থাকা পরকার? আসুন দেখে নেওয়া যাক-

কী এই এআই?

“আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স” বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সবার শুরুতেই হয়তো অনেকের মনেই ভেসে আসেবে একটি লোমহর্ষক যন্ত্রের চিত্র, যেটি মানবজাতিকে পরাজিত করে তার নিয়ন্ত্রণের বেড়াজালে আটকে ফেলতে চায় এবং যেটি করার পুরো সক্ষমতা এর আছে।

কিন্তু প্রযুক্তির দুনিয়ায় এর অর্থ ভিন্ন। যাকে এভাবে বলা যায়: বিভিন্ন যন্ত্রকে প্রশিক্ষণের মাধ্যমে এমন সব জটিল কাজ করার যোগ্য করে গড়ে তোলা, আগে যেগুলো করতে একজন রক্তমাংসের মানুষের সরাসরি অংশগ্রহণ করতে হতো।

আপনি ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকলে ইতোমধ্যেই ডেটা বাছাই, পছন্দসই কন্টেন্ট পাওয়ার মতো বিভিন্ন কাজে আপনি এআইয়ের উপর নির্ভর করছেন।

এই প্রযুক্তিটির মাধ্যমেই নেটফ্লিক্স আপনার রূচির সঙ্গে মিল রেখে সিনেমার সন্ধান দেয়, এই মাধ্যমেই ঝুঁকিপূর্ণ স্প্যাম মেসেজ আটকানো হয়, এর মাধ্যমেই সামাজিক মাধ্যমের ফিড থেকে বিদ্বেষপূর্ণ ও অপ্রীতিকর কন্টেন্ট সরানো হয়।

এর সাহায্যে অটোকারেক্ট বা স্বয়ংক্রিয়ভাবে ভুল শুধারানোর প্রযুক্তিকে তৈরি করা হয়েছে, গুগল ট্রান্সলেট থেকে ‘ফেইস রিকগনিশন’ সর্বত্র হচ্ছে আইয়ের ব্যবহার। মাইক্রোসফটের ভাষায় এআই “মানুষের চেহারা শনাক্ত করতে মানব সক্ষমতাকে নকল করতে পারে।”

তাৎক্ষণিকভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী কারো সঙ্গে যোগাযোগ করতে কিংবা ছবি পর্যবেক্ষণ করে রোগ নির্ণয়ের মতো বাস্তব সমস্যা সমধানে এআই আনতে পারে অভূতপূর্ব সাফল্য।

নিজে নিজেই চলতে পারবে এমন গাড়ি তৈরির মূল চালিকা শক্তি হতে পারে এআই। বিশাল আকারের দৃশ্যমান ডেটা থেকে প্রশিক্ষণ পেয়ে গাড়িগুলো যে কোনো পরিস্থিতিতে চারপাশ বিশ্লেষণ করে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।

Image

|

কেন সবাই এআই নিয়ে বলাবলি করছে?

উত্তরটা সহজ: চ্যাটজিপিটি। গত কয়েক বছর ধরে এআই পর্দার আড়াল থেকে আমাদের নিত্যদিন সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু গত নভেম্বরে সবকিছু আমূল বদলে গেছে। চ্যাটজিপিটি নামের একটি চ্যাটবট রাতারাতি ভাইরাল হয়ে এআইকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

ওপেনএআইয়ের তৈরি প্রযুক্তিটি লিখে দিয়েছে মামলার প্রতিবেদন, গান এমনকি বৈজ্ঞানিক গবেষণাপত্রের প্রাথমিক বক্তব্য; যা দেখে স্তম্ভিত হয়ে গেছেন বিজ্ঞানীরাও। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও পাশ করে কৃত্রিম আলাপচারিতা মাধ্যমটি রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। আর তারপর থেকেই একই রকম পণ্য বাজারে আনতে বাদবাকি কোম্পানিগুলোও নামে তুমুল প্রতিযোগিতায়।

চ্যাটজিপিটিকে বানানোর পেছনে ব্যবহার করা হয়েছে ‘জেনারেটিভ এআই’ নামের একটি প্রযুক্তি। তারপরই মাইক্রোসফট এবং গুগলও জেনারেটিভ এআই যুক্ত করেছে তাদের বহুল প্রচলিত পণ্যগুলোতে। মেটা, অ্যামাজন ও আলিবাবা বলেছে তারাও জেনারেটিভ এআই নিয়ে কাজ করছে। এ ছাড়া অসংখ্য কোম্পানিও রওনা হয়েছে সে পথে।

সদ্য আসা কোনো প্রযুক্তির রাতারাতি এতটা অপরিহার্য হয়ে যাওয়ার দৃষ্টান্ত বিরল। তাই এখন ব্যবসা অঙ্গন, শিক্ষা ক্ষেত্র এবং আইন প্রণেতারা এর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হিমশিম খাচ্ছেন।

ঠিক কিভাবে কাজ করে এই জেনারেটিভ এআই?

এই প্রযুক্তিটি ব্যবহার করে কোনো মাধ্যম একজন ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী লেখা, ছবি কিংবা অডিও তৈরি করে দিতে পারে।

গ্রাহকদেরকে সেসব সেবা দিতে প্রযুক্তি দুনিয়ার বেশ কিছু শীর্ষ কোম্পানি অনলাইনের বিশাল ডেটা ব্যবহার করে তাদের নিজস্ব ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ তৈরি করেছে। অবশ্য সেসব ডেটাসেটের সক্ষমতা ও ব্যবহার ভিন্ন ভিন্ন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে গত বছর প্রকাশিত চ্যাটজিপিটির সংস্করণটির মধ্যে কেবল ২০২১ সাল পর্যন্ত ডেটা রয়েছে।

এই মডেলগুলো ডিপ লার্নিং নামের একটি পদ্ধতিতে কাজ করে। যা শব্দের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও প্যাটার্ন খুঁজে বের করে, যার ফলে সেটি সম্ভব্য অনুমান করে ব্যবহারকারীর চাওয়া অনুযায়ী ফলাফল উৎপাদান করে। 

জেনারেটিভ এআই ও এজিআইয়ের মধ্যে তফাত কী?

কোনো জেনারেটিভ এআইয়ের দেওয়া ফলাফলকে যতই চমকপ্রদ লাগুক, সেটি মূলত প্যাটার্ন মেলায় কেবল।

এই মাধ্যমগুলো অন্যের লেখার আদলকে নকল করতে পারে অথবা সেগুলোর মধ্যে আগে দেওয়া ডেটার উপর নির্ভর করে প্রসঙ্গ অনুযায়ী যথাযথ শব্দগুলো অনুমান করতে পারে। সেই তুলনায় এজিআই অনেক বেশি উচ্চাভিলাষী এবং বলা যায় ভীতিকরও বটে।

Image

এআই-এর সহায়তা নিয়ে তৈরি করা শিল্পকর্ম।

এজিআই হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ যা প্রকৃত অর্থেই শেখা, যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন পরিস্থিতিতে মানুষের মতো করে খাপ খাইয়ে নিতে পারার মতো বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারবে।

এআই কতোটা যুগান্তকারী আর কতোটা হুজুগ? 

যে কোনো সময়ে কোনো প্রযুক্তি নিয়ে বেশি মাতামাতি হলে, তা নিয়ে সংশয় তৈরি হওয়াটাই বুদ্ধিমানের লক্ষণ, এআইও তার উর্ধ্বে নয়। এআই নিয়ে বিনিয়োগকারীদের উন্মাদনায় অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও তরতর বেড়েছে ওয়াল স্ট্রিট পুঁজিবাজারের সূচক।

সব ধরনের পণ্য সমান গুরুত্বের সঙ্গে ব্যবহার হয় না এবং এটাও সত্য যে অনেক কোম্পানিই এই হুজুগে এআই সম্বলিত সেবা এই শব্দটিকে ব্যবসায়িক কৌশল হিসাবে ব্যবহার করতে পারে। তবে গত ছয় মাসে এআই মানুষের প্রতিদিনকার অসংখ্য কাজকে বদলে ফেলার তার যে সম্ভবনা, সেটি করে দেখিয়েছে।

এআই চ্যাটবটগুলোর পক্ষে অন্যতম ভালো দিকের উদাহরণ হিসাবে বলা যায় এগুলো মানুষের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় বহুগুণে। এ বছরের শুরুতে কয়েকজন রিয়েল এস্টেট এজেন্ট সিএনএনকে জানায় চ্যাটজিপিটি তাদের অনেক ঘণ্টার পরিশ্রমকে লাঘব করেছে এবং তা কেবল বিক্রির তালিকায় থাকা বাড়ির বিবরণ লিখেই নয়, সেই সঙ্গে জমি ব্যবহারের অনুমোদিত পরিমাণ, খদ্দেরদের জামানতের আকার এবং বিনিয়োগে আসা সম্ভাব্য লভ্যাংশের হিসেব বের করে দিয়েও –যা বের করতে আগে বিভিন্ন সূত্র ও মর্টগেজ (জামানত) ক্যলকুলেটর ব্যবহার করতে হতো।

কৃত্রিম বুদ্ধিমত্তা মানেই শুধু কেবল চ্যাটজিপিটি কিংবা হালের এই বহুল আলোচিত জেনারেটিভ এআই কৌশলই নয়– এর পরিধি তার চাইতেও অনেক বেশি। আপনার কাছে যদি এআই চ্যাটবটগুলোকে অহেতুক মনে হয় এবং আপনি যদি মনে করে থাকেন এই অতি উৎসাহ-উদ্দীপনা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যাবে –সেটা যদি হয়ও তারপরেও এদের পেছনের প্রযুক্তিগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত হবে, এবং সামনের দিনগুলোতে এআই যুক্ত হবে আরও অতিপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে।

Image

|

“আমার চাকরি চলে যাবে না তো?”

ভয় হচ্ছে এআই লাখ লাখ মানুষকে কর্মহীন করে দেবে। আশার কথা হচ্ছে, একই সঙ্গে লাখ লাখ মানুষের কাজের মানে উন্নয়ন ঘটাবে। বর্তমানের বাস্তবতা ঠিক এর মাঝামাঝি অবস্থান করছে।

কোম্পানিগুলোর এআই প্রযুক্তিগুলোর সঙ্গে তাল মেলাতে নতুন ধারার কর্মী বাহিনীর দরকার পড়বে। ডেটা বিশ্লেষক, বিজ্ঞানী, মেশিন লার্নিং বিশেষজ্ঞ এবং সাইবার নিরাপত্তায় দক্ষ – ২০২৭ সাল পর্যন্ত এমন কর্মসংস্থান প্রতি বছর গড়ে ৩০ শতাংশ করে বাড়তে থাকবে, সাম্প্রতিক এক পূর্বাভাসে বলেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম।

আবার এআইয়ের ব্যাপ্তি বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিতে পড়বে হিসাব রক্ষণের মতো প্রশাসনিক চাকরিগুলোয়। এ ক্ষেত্রে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের অনুমান ২০২৭ সালের মধ্যে চাকরি হারাতে পারেন দুই কোটি ৬০ লাখ প্রশাসনিক সহকারী ও ডেটা এন্ট্রি দেওয়ার মতো কাজ কাজ করেন এমন মানুষ।

এখন পর্যন্ত মানুষের কাজ এআই করতে গিয়েও যে ভুলভাল করছে তার উদাহরণও আমাদের চোখের সামনে। সংবাদ সংস্থা সিনেট পরীক্ষামূলকভাবে এআই দিয়ে প্রবন্ধ লেখায়, পরে পরীক্ষা করতে গিয়ে এর মধ্যে তথ্যগত ভুল খুঁজে পায়।

চ্যাটজিপিটি ব্যবহার করে মামলার বানোয়াট প্রতিবেদন খবরের শিরোনামে আসেন একজন আইনজীবি। একটি হলফনামায় তিনি বলেন এর পূর্বে তিনি কখনও আইন বিষয়ক গবেষণা মাধ্যম হিসাবে চ্যাটজিপিটি ব্যবহার করেননি এবং “তার কোনো ধারণাও ছিলো না যে কন্টেন্টটি মিথ্যা হতে পারে।”

এআই কি ঝুঁকিপূর্ণ?

এআইয়ের শীর্ষ কর্তাব্যক্তিরা বলছেন- এআই মানবজাতিকে নিশ্চিহ্ন করে দিতে পারে আবার তারাই এই প্রযুক্তিটিকে বাজারে ছাড়তে উঠে পড়ে লেগেছেন।

কিছু বিশেষজ্ঞ বলছেন এআই পৃথিবী ধ্বংস করে দেবে এমন জল্পনা কল্পনা, নিকট ভবিষ্যতে এসে উপস্থিত হবে এমন বিপদ থেকে আমাদের মনযোগ সরিয়ে দেবে। এর মধ্যে যেমন মিথ্যা তথ্য ছড়িয়ে যাওয়ার ভয় আছে, তেমনি আছে পক্ষপাতমূলকভাবে মাধ্যমটিকে প্রশিক্ষিত করা যা বাড়িয়ে দেবে বৈষম্য।

উদাহরণস্বরূপ বলা যায়, নির্বাচনের সময় গুজব ছাড়াতে ‘ডিপফেইক’ বানাতে এআই ব্যবহৃত হতে পারে, যার হাত ধরে আসবে নতুন যুগের জালিয়াতির আশংকা। মিথ্যা তথ্য সৃষ্টির জন্য কিছু এআই মডেল সমালোচিতও হয়েছে, ইন্ডাস্ট্রি যেগুলোকে হেলুসিনেশন বলে পাশ কাটানোর চেষ্টা করেছে।

Image

|

এমনকি চ্যাটজিপিটি আসার আগেও, উদাহরণস্বরূপ বলা যায়, এআই ঠিক করে দিতো নিয়োগ প্রক্রিয়ায় কাদের পরবর্তী ধাপের জন্য বাছাই করা হবে।

এআই সৃষ্ট ফেইশল রিকগনিশনের ভুলের শিকার হয়ে গ্রেপ্তার করা হয়েছে নিরপরাধ মানুষকে। একটি গবেষণায় উঠে এসেছে কৃষ্ণকায় চেহারা শনাক্ত করার বেলায় এই প্রযুক্তিগুলোর ভুলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এআই সামাজের রন্ধ্রে রন্ধ্রে যতটা প্রবেশ করবে অনাকাঙ্খিত ভুলের সংখ্যাও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকবে।

এআইয়ের ভবিষ্যত কী?

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলো এআই নিয়ন্ত্রণে আইন তৈরির কাজ করে যাচ্ছে, যা প্রযুক্তিটির উন্নয়নে প্রভাব ফেলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনপ্রণেতারা কি প্রযুক্তিটির দুর্বার গতির সঙ্গে তাল মেলাতে পারবেন?

বিশেষজ্ঞরা মনে করছেন, সামনের কয়েক মাসে এআই আরও বাস্তব মনে হবে এমন ছবি, ভিডিও ও অডিও তৈরি করতে পারবে, যা বিপর্যয় ঘটাতে পারে গণমাধ্যম, প্রযুক্তিসহ অন্য আরও ইন্ডাস্ট্রিতে। প্রযুক্তিটি আরও বেশি বাক্‌পটু এবং ব্যবহারকারীদের আরও বেশি ঘনিষ্ট হয়ে উঠবে।

গত মার্চে ওপেন এআই চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণ জিপিটি-৪ প্রকাশ করে। কোম্পানিটির মতে এবং প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে জিপিটি-৪ আরও বিস্তারিত ও বিশুদ্ধ লেখায় জবাব দিতে সক্ষম, আরও বেশি নাম্বার নিয়ে পাশ করেছে অ্যাকাডেমিক পরীক্ষায় এমনকি হাতে আঁকা নকশা দেখে কাজ চলার মতো ওয়েবসাইট পর্যন্ত বানিয়ে দেখিয়েছে।

এর পূর্বে অল্টম্যান বলেছেন কোম্পানিটি এখনও জিপিটি-৫ কে প্রশিক্ষণ দেওয়া শুরু করেনি। তবে এটা স্পষ্ট যে, সামনের দিনে আরও অনেক বেশি পণ্য ও সেবায় এআই যুক্ত হবে, তার মানে আমাদের সবাইকে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শিখতে হবে।

সিএননের সঙ্গে এক আলাপচারিতায় এই কৃত্রিম চ্যাটবটটি লিখেছে– “আমাদের জীবনকে বদলে দেওয়ার সম্ভবনা রয়েছে এআইয়ের … কোম্পানিগুলো ও সকলকে। তবে, এর সঙ্গে আসা ঝুঁকিগুলোকে দায়িত্বের সঙ্গে দেখতে হবে।”