বিডিনগের ২২তম সম্মেলন হচ্ছে কক্সবাজারে, চলছে নিবন্ধন
সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণকারীরা নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
দেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলন ও কারিগরি কর্মশালা।
এবারের সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো। এ ছাড়া সম্মেলনে আইএসপিএবি সভাপতি ও মহাসচিব, বিডিনগ সভাপতি এবং দেশ-বিদেশের বক্তা ও প্রশিক্ষকরা অংশ নেবেন।
চার দিনের এ আয়োজনের প্রথম তিন দিন, অর্থাৎ ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে কারিগরি কর্মশালা। এরপর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মূল সম্মেলন।
কক্সবাজারের লং বিচ হোটেলে এ আয়োজনে সহ-আয়োজক হিসেবে থাকছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)। সহযোগিতায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।
সম্মেলন ও কর্মশালার সহ-আয়োজক আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভুঁঞা বলেন, আইএসপিএবি তার প্রকৌশলীদের বছরে চারটি প্রশিক্ষণ দেয়। তবে প্রশিক্ষণের সুযোগ আরও বাড়াতে প্রয়োজন অতিরিক্ত প্রশিক্ষণকেন্দ্র।
“আমাদের আরও প্রশিক্ষণকেন্দ্র দরকার। তাহলে আইএসপিএবি তার প্রকৌশলীদের জন্য প্রতি মাসে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারত।”
দেশের প্রকৌশলীদের কর্মক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, “দেশের প্রকৌশলীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বড় বড় পদে কাজ করছেন। দিন দিন এই সংখ্যা বাড়ছে।”
সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণকারীরা নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর, শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
সম্মেলন ও কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে: https://rego.bdnog.org/।
বিডিনগ দেশের নেটওয়ার্ক পরিচালনা ও ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রকৌশলী ও পেশাজীবীদের সংগঠন। নিয়মিত সম্মেলন, কারিগরি কর্মশালা ও জ্ঞান বিনিময়ের আয়োজনের মাধ্যমে সংগঠনটি দেশের ইন্টারনেট কমিউনিটির দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করছে।
এ আয়োজনে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন চলছে। নিবন্ধনের শেষ তারিখ ৮ নভেম্বর।
