২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের সঙ্গে যুদ্ধে আক্রান্তদের জন্য অর্থ তুলল এনভিডিয়া

৩০টির বেশি দেশে এনভিডিয়ার হাজার হাজার কর্মীর কাছ থেকে ৫০ লাখ ডলার তোলা হয়, এর সঙ্গে দ্বিগুণ পরিমাণ অর্থ যোগ করেছে এনভিডিয়া নিজেও।

হামাসের সঙ্গে যুদ্ধে আক্রান্তদের জন্য অর্থ তুলল এনভিডিয়া

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 01:44 PM

Updated : 27 Dec 2023, 02:18 PM

হামাসের হাতে বন্দী আছেন এনভিডিয়ার প্রকৌশলী আভিনাতান অর। তিনিসহ ইসরায়েল-হামাস যুদ্ধে আক্রান্ত ইসরায়েলীদের সমর্থনে দেড় কোটি ডলারের আর্থিক অনুদান দিয়েছে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া ও এর কর্মীরা।

ইসরায়েলে কাজ করা অলাভজনক সংস্থাগুলোকে এই অর্থ দেবে মার্কিন এই প্রযুক্তি কোম্পানি।

রোববার এনভিডিয়া বলেছে, ৩০টির বেশি দেশে তাদের হাজার হাজার কর্মীর কাছ থেকে ৫০ লাখ ডলার তোলা হয়, যার সঙ্গে দ্বিগুণ পরিমাণ অর্থ যোগ করেছে এনভিডিয়া নিজেও। ফলে, সামগ্রিক অনুদান গিয়ে ঠেকেছে দেড় কোটি ডলারে।

এনভিডিয়া বলছে, কোম্পানির ৩০ বছরের ইতিহাসে মানবতার উদ্দেশ্যে তোলা সবচেয়ে বড় অনুদান এটি।

“ইসরায়েল ও বৈশ্বিক এনভিডিয়া পরিবারের কাছ থেকে এমন সমর্থন দেখে আমরা সত্যিই গর্বিত। এ ছাড়া, হামাসের কাছে জিম্মি থাকা আমাদের সহকর্মী আভিনাতান অর ও বাকি ভুক্তভোগীরা যেন ফিরে আসেন, সে প্রার্থনাও করছি।” --বলেন এনভিডিয়ার ডেপুটি জেনারেল কাউন্সেল জিডেওন রোজেনবার্গ।

“গোটা বিশ্বে ছড়িয়ে থাকা এনভিডিয়া কর্মীদের এমন সহানুভূতি দেখে আমরা সত্যিকারের অনুপ্রেরণা পাই।”

অরের লিংকডইন অনুসারে, ২০২২ সালের এপ্রিল থেকে এনভিডিয়ার প্রকৌশলী হিসেবে কাজ করছেন তিনি। ৭ অক্টোবর ইসরায়েলের পশ্চিম নাগেভ মরুভূমিতে আয়োজিত ‘নোভা মিউজিক ফেস্টিভাল’-এ তাকে অপহরণ করে হামাস। এর সঙ্গে তার বান্ধবী নোয়া আরগামানিসহ প্রায় ২৪০জনকে আটক করেছিল ফিলিস্তিনপন্থী সশস্ত্র দলটি। তবে, এদের কাউকে কাউকে মুক্তি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

এনভিডিয়া বলেছে, আর্থিক অনুদানের জন্য বাছাই করা সংস্থাগুলো হল ‘আসর ফান্ড (জেগিভ)’, ‘আমেরিকান ফ্রেন্ডস অফ ম্যাগেন ডেভিড অ্যাডম’, ‘ডক্টর্স উইদআউট বর্ডার্স’, ‘ফ্রেন্ডস অফ ইউনাইটেড হাটজালাহ’, ‘ইসরা এইড (ইউএস)’, ‘গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স’, ‘জুয়িশ এজেন্সি ফর ইসরায়েল’, ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ ও ‘জাকা’।

এনভিডিয়া আরও বলেছে, ইসরায়েলের দক্ষিণ ও পশ্চিমাংশ থেকে বিতাড়িত পরিবারগুলোকে শত শত কম্পিউটার অনুদান দেওয়ার পাশাপাশি কোম্পানির ইয়োকনিম দপ্তরের ক্যাফেটেরিয়ায় হাজার হাজার প্যাকেট খাবারও সরবরাহ করেছে তারা।