১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিপ তৈরির কাঁচামাল সরবরাহ নিয়ে সতর্কতা দক্ষিণ কোরিয়ার

চিপ নির্মাতারা যখন এআই ডেটা সেন্টারের ক্রমাগত চাহিদার কারণে সরবরাহ নিয়ে হিমশিম খাচ্ছে তখনই এ সতর্কবার্তা এল।

চিপ তৈরির কাঁচামাল সরবরাহ নিয়ে সতর্কতা দক্ষিণ কোরিয়ার
চিপ তৈরির সময় তাপ নিয়ন্ত্রণের জন্য হিলিয়াম অপরিহার্য এবং বর্তমানে এর কোনো বিকল্প নেই। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 03:08 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির প্রধান কাঁচামাল সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। 

রয়টার্স লিখেছে, হিলিয়ামের মতো অপরিহার্য উপাদানের সংকট ও মধ্যপ্রাচ্যে এআই বিভিন্ন ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে চিপের উৎপাদন ও দাম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সরকারি দলের একজন এমপি বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির জরুরি কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। মধ্যপ্রাচ্যের এরইমধ্যে ষষ্ঠ দিনে গড়িয়েছে।

স্যামসাং ইলেকট্রনিক্সসহ বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কিম ইয়ং বে বলেছেন, বিশ্বের মোট মেমোরি চিপের প্রায় দুই-তৃতীয়াংশ সরবরাহ করে দক্ষিণ কোরিয়া। তাদের আশঙ্কা, ইরানের এ দীর্ঘস্থায়ী যুদ্ধ জ্বালানি খরচ ও পণ্যের দাম বাড়িয়ে দেবে।

“কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে কিছু প্রয়োজনীয় কাঁচামাল যদি সংগ্রহ করা না যায় তবে চিপ উৎপাদন ব্যাহত হতে পারে।” উদাহরণ হিসেবে হিলিয়াম গ্যাসের কথা বলেছেন তিনি।

সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির সময় তাপ নিয়ন্ত্রণের জন্য হিলিয়াম অপরিহার্য এবং বর্তমানে এর কোনো বিকল্প নেই। বিশ্বে কেবল হাতেগোনা কয়েকটি দেশ তা উৎপাদন করে, যার মধ্যে কাতার অন্যতম।

চিপ নির্মাতারা যখন এআই ডেটা সেন্টারের ক্রমাগত চাহিদার কারণে সরবরাহ নিয়ে হিমশিম খাচ্ছে তখনই এ সতর্কবার্তা এল। এ চাহিদার চাপে স্মার্টফোন, ল্যাপটপ ও অটোমোবাইলের মতো অন্যান্য শিল্পে চিপের সরবরাহ এমনিতেই কমে গেছে।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা ‘এসকে হাইনিক্স’ বলেছে, তারা অনেক আগে থেকেই হিলিয়ামের ‘বিভিন্ন উৎস ও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করেছে’। ফলে কোম্পানির ওপর এর প্রভাব পড়ার ঝুঁকি নেই বললেই চলে।

তবে এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্যামসাং।

এক বিবৃতিতে তাইওয়ানের চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসি বলেছে, বর্তমানে তারা বড় ধরনের কোনো প্রভাবের আশঙ্কা করছে না। তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

চুক্তিভিত্তিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘গ্লোবালফাউন্ড্রিস’ বলেছে, মধ্যপ্রাচ্যের সরবরাহকারী, গ্রাহক ও পার্টনারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে তারা এবং যে কোনো সমস্যা ঠেকাতে তাদের আগাম পরিকল্পনা তৈরি আছে।

দক্ষিণ কোরিয়ার শিল্প মন্ত্রণালয় বলেছে, চিপ তৈরির সাপ্লাই চেইনের অন্তত ১৪টি উপাদানের জন্য দেশটি মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যার মধ্যে ব্রোমিন ও চিপ পরীক্ষার যন্ত্রাংশ রয়েছে।

তবে তারা বলেছে, এসব উপাদানের অনেকগুলোই তারা নিজেদের দেশে উৎপাদন বা অন্য কোনো বাজার থেকে সংগ্রহ করা সম্ভব।

ডেটা সেন্টারের ওপর প্রভাব

দক্ষিণ কোরিয়ার সরকারি দলের এমপি কিম বলেছেন, চিপ শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, এই সংকট দীর্ঘমেয়াদে বড় বড় প্রযুক্তি কোম্পানির মধ্যপ্রাচ্যে এআই ডেটা সেন্টার তৈরির পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে। ফলে চিপের চাহিদা কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

সোমবার অ্যামাজন বলেছে, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে তাদের কিছু ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই অঞ্চলে বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রসারের গতি নিয়ে প্রশ্ন উঠেছে।

মাইক্রোসফট ও এনভিডিয়ার মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টরা সংযুক্ত আরব আমিরাতকে এআইয়ের, বিশেষ করে চ্যাটজিপিটির এক আঞ্চলিক হাব বা কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।

শনিবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি।