হাসপাতালে গুগলের এআই চিকিৎসা বটের পরীক্ষামূলক ব্যবহার শুরু
গুগলের একটি অভ্যন্তরীন ইমেইলে বলা আছে, যেসব দেশে ‘চাহিদার তুলনায় চিকিৎসকের সংখ্যা অপ্রতুল’ সেসব স্থানে এই মডেলটি মানুষের উপকারে আসবে।
চিকিৎসাবিষয়ক প্রশ্নের জবাব দিতে পারে গুগলের এমন একটি এআই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে।
মেড-পাল্ম ২ নামের প্রযুক্তিটি গত এপ্রিল থেকে মায়ো ক্লিনিক রিসার্চ হাসপিটালসহ বিভিন্ন হাসপাতালে পরীক্ষাধীন রয়েছে –এমন খবর এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে।
এ বছরের মে মাসে গুগলের আই/ও সম্মেলনে পাল্ম ২ নামে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ঘোষণা দেয় কোম্পনিটি, যার ওপর ভিত্তি করে তাদের চ্যাটবট বার্ড নির্মিত হয়েছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটির অন্য একটি সংস্করণ হচ্ছে মেড-পাল্ম ২।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলেছে, গুগলের একটি অভ্যন্তরীন ইমেইল তাদের নজরে এসেছে, যেখানে বলা আছে যেসব দেশে “চাহিদার তুলনায় চিকিৎসকের সংখ্যা অপ্রতুল” বিশেষ ভাবে সেসব স্থানে আপডেট করা এই মডেলটি মানুষের উপকারে আসবে।
বাছাই করা বিভিন্ন চিকিৎসা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে মেড-পাল্ম ২ তৈরি করার কথা বলেছে গুগল। কোম্পানিটির বিশ্বাস চিকিৎসা বিষয়ে কথোপকথনে মূলধারার চ্যাটবট বার্ড, বিং এবং চ্যাটজিপিটির তুলনায় এই মডেলটি অধিক উন্নত বলেছে প্রযুক্তি সাইট দ্যা ভার্জ।
অবশ্য নির্ভুল তথ্য প্রদানে মেড-পাল্ম ২ এর কিছু সীমাবদ্ধতার কথা বলা হয়েছে মে মাসে গুগলের প্রকাশ করা একটি গবেষণা প্রবন্ধে। যা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলোর জন্য অহরহ ঘটনা।
কোনো বিষয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে মানব চিকিৎসকের তুলনায় গুগলের মেড-পাল্ম এবং মেড-পাল্ম ২ এর জবাবে কিছু অসঙ্গতি এবং অপ্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছেন গবেষণাটিতে অংশ নেওয়া কয়েকজন ডাক্তার।
তবে কোনো রোগের বিষয়ে কিছু ব্যাখ্যা করা, চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রমাণ খুঁজে বের করা ও জরিপনির্ভর তথ্য দেওয়ার মতো বাদবাকি সব ক্ষেত্রে প্রযুক্তিটি মানব চিকিৎসকদের সমান কিংবা তাদের থেকেও নির্ভুল জবাব দেয়।
যেসব গ্রাহক মেড-পাল্ম ২ ব্যবহার করবেন, তাদের ডেটা তাদের নিজেদের নিয়ন্ত্রণে এনক্রিপ্টেড অবস্থায় থাকবে এবং এতে গুগলের কোনো হস্তক্ষেপ থাকবে না বলেছে ওয়াল স্ট্রিট জার্নালটির প্রতিবেদনে।
মেড-পাল্ম ২ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে - বলেছেন গুগলের জ্যেষ্ঠ্য গবেষণা পরিচালক গ্রেগ কোরাডো। কোরাডো বলেছেন, তার নিজের পরিবারের স্বাস্থ্যসেবায় প্রযুক্তিটি ব্যবহার করবেন না, তবে তিনি মনে করেন “স্বাস্থ্যসেবার যেসব স্থানে এআই ব্যবহার করা সম্ভব, মেড-পাল্ম ২ তার পুরোটাতে নিজের জায়গা করে নেবে এবং মানুষের কল্যাণে পুরো ক্ষমতা কাজে লাগাবে।”
