Published : 20 Oct 2022, 08:13 PM
অ্যাপ স্টোরে রাশিয়ার প্রযুক্তি কোম্পানি ‘ভিকে’র তৈরি বিভিন্ন অ্যাপ ফিরিয়ে এনেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এর মধ্যে আছে দেশটিতে প্রচলিত সামাজিক মাধ্যম ‘ভিকন্টাক্টে’।
কোম্পানির মালিকানার সিংহভাগে নিষেধাজ্ঞা আরোপ করা কোনো ব্যক্তি বা কোম্পানির কর্তৃত্ব নেই- এমন তথ্যপ্রমাণ উপস্থাপনের পরই কেবল অ্যাপ স্টোরে ভিকে’র এইসব অ্যাপ ফিরেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে কোম্পানিটির বিভিন্ন মালিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দেওয়ার পরপরই অ্যাপস্টোর থেকে সামাজিক নেটওয়ার্ক ভিকন্টাক্টে, ইমেইল অ্যাপ ‘মেইল ডটআরইউসহ ভিকে মালিকানাধীন অন্যান্য অ্যাপ সরিয়ে দিয়েছিল অ্যাপল।
“আইনী বাধ্যবাধকতা থাকার কারণেই অ্যাপস্টোর থেকে এই নির্মাতার তৈরি বিভিন্ন অ্যাপ সরিয়ে ফেলতে হয়েছিল। এগুলো যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় পড়ে না, তার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণ দাখিলের জন্য একাধিকবার অনুরোধও করা হয়েছে তাদের।” -- ভার্জকে ইমেইল বিবৃতিতে বলেছেন অ্যাপল মুখপাত্র পিটার আজেমিয়ান।
“অ্যাপগুলো সরানোর পর প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করেছে নির্মাতা। এতে নিশ্চিত হওয়া গেছে যে, তাদের মালিকানার সিংহভাগ নিষেধাজ্ঞা আরোপ করা কোনো ব্যক্তি বা কোম্পানির নিয়ন্ত্রণে নেই। সে কারণেই ফের অ্যাপস্টোরে ফিরেছে এইসব অ্যাপ।”
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘রাশিয়ার ফেইসবুক’ হিসাবে পরিচিত ভিকন্টাক্টে দেশটির সবচেয়ে জনপ্রিয় সামাজিক অ্যাপগুলোর একটি।
গত বছরই ভিকন্টাক্টে ও মেইল ডটআরইউসহ রাশিয়ার তৈরি বেশ কিছু অ্যাপের তালিকা অ্যাপলকে দিয়েছে রাশিয়ার সরকার। তাদের দাবি, রাশিয়ায় বিক্রি করা আইফোনে অ্যাপগুলো থাকতে হবে।
ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর দেশটিতে নিজস্ব পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল। এ ছাড়া, রাশিয়ার বেশ কিছু ব্যাংকে নিষেধাজ্ঞা থাকায় ‘অ্যাপল পে’ সেবাও ব্যবহার করতে পারছেন না দেশটির ব্যবহারকারীরা।