২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

ইসরায়েলি যোগসূত্র, মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ‘ওয়েজ’ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ফিলিস্তিনি আন্দোলনের কট্টর সমর্থক এবং ইসরায়েলের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক রাখে না।

ইসরায়েলি যোগসূত্র, মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ‘ওয়েজ’ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

ওয়েজ অ্যাপের লোগো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 09:25 PM

Updated : 21 Oct 2026, 09:25 PM

ইসরায়েলে তৈরি নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ ব্যবহারে সরকারি কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া সরকার। ইসরায়েলে অ্যাপটির উৎপত্তিকে কেন্দ্র করে নিরাপত্তায় সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ফিলিস্তিনি আন্দোলনের কট্টর সমর্থক এবং ইসরায়েলের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক রাখে না।

ইসরায়েল সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ার সরকারি তথ্য এবং জনগণের ব্যক্তিগত ডাটা যেন চুরি না হয়, সেজন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই নিষেধাজ্ঞা জারি করেছেন। বুধবার তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এমনটিই জানানো হয়েছে।

ওয়েজ এর মূল প্রতিষ্ঠান গুগল এবং সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বার্তা সংস্থা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

একদিন আগে আনোয়ার একটি ফেইসবুক পোস্টে বলেছিলেন, সরকার ওয়েজ ব্যবহারের ফলে তৈরি হওয়া সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখছে, যা তার মতে ইসরায়েলি আইনের অধীনে পরিচালিত।

তিনি বিকল্প হিসেবে ‘মালয়েশিয়ান হাইওয়ে অথরিটির’ তৈরি অভ্যন্তরীন একটি মানচিত্র অ্যাপ 'তুজু' ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

মালয়েশিয়ার সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর মঙ্গলবার সরকারি দপ্তরের প্রধানদের কাছে পাঠানো একটি চিঠিতে বলেছেন, ইসরায়েলি আইনের অধীনে থাকায় এবং ডেটা নিরাপত্তার ঝুঁকির কারণে সব সরকারি কর্মচারীর জন্য নেভিগেশন অ্যাপ 'ওয়েজ' ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইসরায়েলে তৈরি হওয়া ‘ওয়েজ’ অ্যাপ চালকদের কাছ থেকে তাত্ক্ষণিক ট্রাফিক তথ্য দেওয়ার জন্য স্যাটেলাইট সংকেত এবং ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত ডেটা ব্যবহার করে। ২০১৩ সালে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল এই অ্যাপটি অধিগ্রহণ করে।