২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাটজিপিটির ভুলে ঝুঁকি কতটা তা নিয়ে তদন্ত শুরু যুক্তরাষ্ট্রে

‘মানুষের সুনামের জন্য ঝুঁকিপূর্ণ’ বিষয় মাইক্রোসফট সমর্থিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিটি কীভাবে মোকাবেলা করে, সে বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন’।

চ্যাটজিপিটির ভুলে ঝুঁকি কতটা তা নিয়ে তদন্ত শুরু যুক্তরাষ্ট্রে

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 04:06 PM

Updated : 15 Jul 2023, 04:06 PM

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ‘ভুল তথ্য তৈরির প্রবণতায় গ্রাহকদের সম্ভাব্য ঝুঁকি’ নিয়ে এর মালিক কোম্পানি ওপেনএআই’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে।

‘মানুষের সুনামের জন্য ঝুঁকিপূর্ণ’ বিষয়াদি মাইক্রোসফট সমর্থিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিটি কীভাবে মোকাবেলা করে, সে বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’।

কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট প্রযুক্তির ওপর নিয়ন্ত্রকদের তদন্ত যে ক্রমশ বাড়ছে, সে বিষয়টিই এর মাধ্যমে উঠে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

আর, ওপেনএআই’র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, এফটিসি’র সঙ্গে কাজ চালিয়ে যাবে তার কোম্পানি।

প্রচলিত ইন্টারনেট সার্চের বদলে ব্যবহারকারীর প্রম্পট ব্যবহার করে মানুষের সঙ্গে আলাপের ঢংয়ে জবাব তৈরি করতে পারে চ্যাটজিপিটি। এর ফলে, অনলাইনে মানুষের তথ্য খোঁজার উপায়ে নাটকীয় পরিবর্তন আনতে পারে চ্যাটজিপিটি ও এর মতো অন্যান্য এআই ব্যবস্থা।

এই খাতের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো এরইমধ্যে নিজস্ব সংস্করণের এআই সিস্টেম বাজারে এনেছে। চ্যাটবটগুলোর জন্য ব্যবহৃত ডেটা নিয়ে ‘ব্যপক বিতর্ক’ রয়েছে। সিস্টেমগুলোকে প্রশিক্ষণের বেলায় কপিরাইট লঙ্ঘনের অভিযোগ থাকলেও দেখা গেছে এদের জবাব প্রায় নিখুঁত।

এফটিসি’র চিঠিতে জিজ্ঞেস করা হয়, চ্যাটজিপিটি ‘বাস্তব ব্যক্তিদের সম্পর্কে ভুল, বিভ্রান্তিকর, অপমানজনক বা ক্ষতিকর তথ্য দেওয়ার বিষয়টি ওপেনএআই কীভাবে মোকাবেলা করে।

এর পাশাপাশি ডেটা প্রাইভেসি ও এআই’কে প্রশিক্ষণ দিতে কী উপায়ে ডেটা সংগ্রহ করা হয়, সেটি নিয়েও তদন্ত চালাচ্ছে এফটিসি।

অল্টম্যান বলেন, ডেটা নিরাপত্তা নিয়ে বেশ কয়েক বছর গবেষণা চালানোর পাশাপাশি চ্যাটজিপিটি প্রকাশের আগে একে ‘তুলনামূলক সুরক্ষিত ও সম্পৃক্ত’ করার লক্ষ্যে কয়েক মাস সময় নিয়েছে ওপেনএআই।

“ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষিত রাখার পাশাপাশি নিজস্ব ব্যবস্থাকে আমরা এমন উপায়ে ডিজাইন করেছি যাতে এটি গোটা বিশ্ব সম্পর্কে জানতে পারে, নির্দিষ্ট ব্যক্তি বিষয়ে নয়।” --টুইট করেন অল্টম্যান।

আরেক টুইটে তিনি বলেন, এই ‘প্রযুক্তি যেন নিরাপদ ও গ্রাহক বান্ধব হয়’ সেটি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

“আমাদের বিশ্বাস, আমরা আইন মেনে চলি। আর আমরা অবশ্যই এফটিসি’র সঙ্গে কাজ করব।”

Image

সিনেট শুনানিতে ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান

এই বছরের শুরুতে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিয়েছিলেন অল্টম্যান, যেখানে তিনি এই প্রযুক্তির ভুল করার প্রবণতার বিষয়টি অকপটেই স্বীকার করেন।

আর এই উদীয়মান খাতের জন্য নীতিমালা তৈরির আহ্বান জানানোর পাশাপাশি এআই সুরক্ষা পর্যবেক্ষণে নতুন সংস্থা গঠনের পরামর্শও দিয়েছেন অল্টম্যান। 

“আমার ধারণা, এই প্রযুক্তি ভুল দিকে অগ্রসর হলে সেটা অনেকদূর এগোতে পারে…আর আমরা এটা নিয়ে কথা বলতে চাই।” --সে সময় বলেন অল্টম্যান।

“এর সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে আমরা সরকারের সঙ্গে কাজ করতে চাই।”

এফটিসি’র এই তদন্ত নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। আর ওই চিঠির একটি কপিও প্রকাশ করেছে সংবাদপত্রটি। এই বিষয়ে বিবিসি ওপেনএআই’র মন্তব্য জানতে চাইলে সাড়া মেলেনি। এমনকি মন্তব্য করতে রাজী হয়নি এফটিসি’ও।

এফটিসি’র বর্তমান প্রধান লিনা খানের অধীনে প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর লাগাম টেনে ধরার বিষয়ে বড় ভূমিকা রাখছে নিয়ন্ত্রক সংস্থাটি।