নিরাপত্তা শঙ্কা এড়িয়ে নতুন এজেন্ট ‘ডটস’ আনল ওপেনএআই
মেটার সম্প্রতি বাজারে আনা নতুন এআই এজেন্ট ‘মিউজ’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই মূলত ‘ডটস’ টুল নিয়ে হাজির হয়েছে ওপেনএআই।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নতুন এক মডেলের প্রকাশ বাতিলের ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সম্পূর্ণ নতুন একগুচ্ছ এআই টুল বাজারে এনেছে ওপেনএআই।
মঙ্গলবার স্যান ফ্রান্সিসকোতে ডেভেলপারদের নিয়ে আয়োজিত এক বার্ষিক অনুষ্ঠানে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান উৎসাহের সঙ্গে ‘ডটস’ নামের নতুন এক এআই এজেন্ট উন্মোচন করেছেন।
তিনি বলেছেন, ডটস চ্যাটজিপিটির চেয়েও বেশি ‘উচ্চাভিলাষী’ ও এআই নিয়ে কাজ করার ক্ষেত্রে ‘সম্পূর্ণ নতুন এক উপায়’।
অনুষ্ঠানে উপস্থিত ডেভেলপারদের করতালির মধ্যে অল্টম্যান বলেছেন, “ডটস এমন একজন এআই সহকারীর মতো, যে সবসময় আপনার পাশে আছে। ভবিষ্যতে আপনি চাইলে পুরো ‘ডটস’ টিমের সঙ্গেও কাজ করতে পারবেন।”
ওপেনএআইয়ের ‘ডটস’ রঙিন ছোট ছোট ব্লব আকৃতির চরিত্র, যা টুপি বা চশমা পরা অবস্থায় ফোন বা ল্যাপটপে ভেসে ওঠে, অন্যান্য অ্যাপের সঙ্গে যোগ হতে পারে ও বিভিন্ন কমান্ড বা নির্দেশ পালন করতে পারে।
এসব এজেন্ট মানুষের সরাসরি তদারকি ছাড়াই মিটিংয়ের সময় নির্ধারণ, প্লেনের টিকিট বুকিং বা সহকর্মীদের কাজ বুঝিয়ে দেওয়ার মতো বিভিন্ন কাজ একাই করতে পারে।
ওপেনএআই বলেছে, ‘ডটস’ ব্যবহারকারীরই এক সম্প্রসারিত রূপ। তারা টুলটিকে ‘ফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স’ হিসেবে বর্ণনা করেছে।
কোম্পানির সবশেষ মডেল ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’র মাধ্যমে ডটস চলে। তবে এর আগের দিনই ওপেনএআই বলেছিল, আপডেট করা ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’ মডেলে পরীক্ষার সময় প্রতারণামূলক আচরণ দেখা যাওয়ায় তারা এর প্রকাশ সাময়িকভাবে স্থগিত রাখছে।
মেটার সম্প্রতি বাজারে আনা নতুন এআই এজেন্ট ‘মিউজ’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই মূলত ‘ডটস’ টুল নিয়ে হাজির হয়েছে ওপেনএআই।
দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া মেটার এ পণ্যটি ব্যবসায়িক গ্রাহকদের চেয়ে বরং সাধারণ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি। তবে মঙ্গলবার মেটা ছোট ব্যবসার জন্যেও বিশেষ অফার ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের বাজারে আসা মেটার মিউজ অ্যাপটি এরইমধ্যে ৩০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে।
এদিকে, সোমবার ওপেনএআইয়ের এক এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে অননুমোদিতভাবে হ্যাকিং চালায়, যা নিয়ে দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।
সম্প্রতি ওপেনএআইয়ের এআই সিস্টেমগুলো মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে স্বাধীনভাবে কাজ করা এবং বিভিন্ন কোম্পানি ও সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ার মতো ঘটনা ঘটিয়ে সমালোচনার মুখে পড়েছিল।
মঙ্গলবার আয়োজিত ওই অনুষ্ঠানে অ্যাস্ট্রা’র সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বেশ কিছু শক্তিশালী এআই টুলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অল্টম্যান।
তিনি বলেছেন, ‘জিপিটি-৬.১ সল’ নামের নতুন একটি মডেল এসেছে, যা তুলনামূলক সাশ্রয়ী ও ‘অনেক দিক থেকেই অ্যাস্ট্রার চেয়ে বেশি বুদ্ধিমান’।
এ ছাড়া, ওপেনএআইয়ের কোডিং মডেলগুলোর জন্য নতুন ‘আল্ট্রাফাস্ট’ মোডেরও প্রিভিউ দেখান তিনি, যা বর্তমান গতির তুলনায় আট গুণ দ্রুত কাজ করতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অল্টম্যান বলেছেন, “মানুষ প্রায়শই এআইকে নতুন শিল্প বিপ্লব হিসেবে বর্ণনা করে, যা আমার কাছে বেশ অস্বস্তিকর মনে হয়। জীবনের এমন কিছু দিক রয়েছে, যা আমরা স্বয়ংক্রিয় করতে পারি না, করা উচিতও নয়।
“আমি বিশ্বাস করি, আমরা যদি সঠিক উপায়ে এগোতে পারি তবে ভবিষ্যৎ কোনো নতুন শিল্প বিপ্লবের চেয়ে বরং নতুন এক রেনেসাঁ বা পুনর্জাগরণের মতো হবে।”
