২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তা উদ্বেগ: চ্যাটজিপিটির নতুন মডেল আসছে না

নিরাপত্তার কারণে বড় কোনো এআই নির্মাতার নতুন মডেল বাজারে না আনার সিদ্ধান্ত বিরল।

নিরাপত্তা উদ্বেগ: চ্যাটজিপিটির নতুন মডেল আসছে না

ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান। ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 11:10 AM

Updated : 29 Sep 2026, 11:10 AM

নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাটজিপিটির নতুন এআই মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা কোম্পানি ওপেনএআই।

ওপেনএআইয়ের সেইফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন বলেন, ওয়েব ব্রাউজ করা এবং নিজে থেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহারের মতো কাজ করতে সক্ষম মডেলটি তাদের নিরাপত্তার নির্ধারিত ‘মানদণ্ড’ পুরোপুরি পূরণ করতে পারেনি।

জুনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার বিষয়েও মঙ্গলবার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। সেই সময় তাদের মডেলগুলো অনুমোদন ছাড়াই অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করেছিল। তবে গত সপ্তাহ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি।

ওই ঘটনা এবং বড় এআই নির্মাতাগুলোর তৈরি মডেলের এমন কয়েকটি ঘটনা সম্প্রতি এ প্রযুক্তির ঝুঁকি নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

বিবিসি লিখেছে, ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেইসহ এআই খাতের কয়েকজন শীর্ষ নেতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই প্রযুক্তির বিকাশের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। এ প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ থেকে তারা এ আহ্বান জানান।

ওপেনএআইয়ের নতুন মডেল উন্মোচন না করার সিদ্ধান্তের খবর প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তার কারণে বড় কোনো এআই নির্মাতার নতুন মডেল বাজারে না আনার সিদ্ধান্ত বিরল।

জেইন বলেন, নতুন মডেলটির সমস্যা হচ্ছে নির্ধারিত কাজের সীমা ও অনুমোদনের মধ্যে থাকা এবং কী ধরনের কাজ করেছে তা ব্যবহারকারীকে ঠিকভাবে জানানো নিয়ে।

তিনি বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের মডেল হবে নিরাপদ, সেটা কোম্পানির ভেতরে হোক, কিংবা ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত করার ক্ষেত্রে।”

ফ্ল্যাগশিপ জিপিটি-৬.১ অ্যাস্ট্রা এজেন্টিক মডেলটি সেপ্টেম্বরে উন্মোচন করা হয়েছিল। এর বিশেষত্ব হচ্ছে, মডেলটি জটিল বিষয়ে যুক্তি প্রয়োগ এবং স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে।

ওপেনএআই বলেছিল, “এটি বছরের পর বছর গবেষণা এবং বড় ধরনের বিনিয়োগের ফল।”

কিন্তু কয়েকটি আলোচিত ঘটনার পর এর নিরাপত্তাব্যবস্থা কঠোর পর্যালোচনার মুখে পড়েছে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, গত জুনে ওপেনএআইয়ের একটি নিয়ন্ত্রণহীন এজেন্ট সরকারি ওয়েবসাইট ও সিস্টেম হ্যাক করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে এ ধরনের ঘটনা এটিই প্রথম।

ওপেনএআই ঘটনাটি অস্ট্রেলিয়া সরকারের কর্মকর্তাদের সরাসরি না জানিয়ে একটি সাধারণ ইমেইল ঠিকানায় জানিয়েছিল। এ কারণেও তাদের সমালোচনা করেন আলবানিজ।

ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ওপেনএআই মঙ্গলবার বলেছে, “আমাদের আরও ভালোভাবে বিষয়টি সামলানো উচিত ছিল।”

জুলাইয়ে ওপেনএআই জানায়, তাদের এআই সিস্টেম ইন্টারনেটে প্রবেশ করে ওপেন-সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম হাগিং ফেইস হ্যাক করেছিল। এরপর এই এআই প্রযুক্তির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণের দাবি জানান গবেষক ও কর্মকর্তারা।

স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এমন এআই প্ল্যাটফর্মকে ‘এজেন্ট’ বলা হয়। সেগুলোর জন্য সোমবার এক সেট নিরাপত্তা ‘টুল’ উন্মোচন করেছে এআই চিপ নির্মাতা এনভিডিয়া। তারা বলেছে, এসব ‘টুল’ থাকলে হাগিং ফেইস হ্যাকের ঘটনা ঠেকানো সম্ভব হত।

বিবিসি লিখেছে, নতুন টুলগুলো এনভিডিয়া চিপের হার্ডওয়্যার সুবিধা কাজে লাগিয়ে এআই এজেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখে।

এআইয়ের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণের দাবির বিরোধিতা করে আসছেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। তার ভাষ্য, নিয়ন্ত্রণহীন এআই এজেন্টের সমস্যা মূলত প্রকৌশলগত, যা সমাধান করা সম্ভব।

চলতি মাসের শুরুতে ১২ দশমিক ৯ বিলিয়ন ডলারে হাগিং ফেইস কিনতে রাজি হয়েছে এনভিডিয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের মঙ্গলবার হোয়াইট হাউজে শীর্ষ প্রযুক্তি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে এআই নিয়ন্ত্রণে বিধিবিধান নিয়ে আলোচনা হওয়ার কথা।

ট্রাম্প এআইয়ের ঝুঁকি নিয়ে উদ্বেগকে ‘ধাপ্পাবাজি’ বলে খাটো করে দেখিয়েছেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে এ বিষয়ে যথেষ্ট আইন রয়েছে। বরং তিনি প্রযুক্তির নিরাপত্তার প্রশ্নে একজন ‘শক্তিশালী ও বুদ্ধিমান’ প্রেসিডেন্টের প্রয়োজনীয়তার কথা বলেছেন।