১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাতিল হল ‘লাস্ট অফ আস’ গেইমের অনলাইন সংস্করণ

নির্মাতা কোম্পানি বলেছে, তারা যদি ‘লাস্ট অফ আস’ গেইমের অনলাইন সংস্করণ চালু করত, তবে কোম্পানিটি কেবল ‘একটি লাইভ সার্ভিস গেইমের স্টুডিও’তে পরিণত হতো।

বাতিল হল ‘লাস্ট অফ আস’ গেইমের অনলাইন সংস্করণ

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 04:26 PM

Updated : 17 Dec 2023, 04:26 PM

আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেছে জনপ্রিয় অ্যাকশন-সার্ভাইভাল গেইম ‘দ্য লাস্ট অফ আস’-এর মাল্টিপ্লেয়ার সংস্করণের উন্মোচন।

বছরের শুরুতে এক প্রতিবেদনে উঠে আসে, প্লেস্টেশন ৫-এর জন্য তৈরি গেইমটির উন্মোচন পেছানো হয়েছে। তবে, গেল বৃহস্পতিবার গেইমটির উন্মোচন বাতিল করে দেওয়ার কথা নিশ্চিত করেছে এর নির্মাতা কোম্পানি ‘নটি ডগ’।

কোম্পানিটি বলেছে, গেইমটি নিয়ে কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার প্রভাব কোম্পানির অন্যান্য প্রকল্পে পড়ার ঝুঁকি থাকায় তারা এ ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হয়েছে।

এ ছাড়া, নটি ডগের ঐতিহ্যকে সংজ্ঞায়িত করা ‘সিঙ্গল প্লেয়ার’ ঘরানার গেইমগুলোর দিকে মনযোগ অব্যাহত রাখার কথাও বিবৃতিতে বলেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটি।

জাপানের প্রযুক্তি জায়ান্ট সনি’র মালিধানাধীন ‘নটি ডগ’ প্লেস্টেশনের জন্য ‘আনচার্টেড’ ও ‘লাস্ট অফ আস’ সিরিজের মতো দারুণ কিছু ফ্রাঞ্চাইজি গেইম বানিয়েছে, যার প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা।

উভয় গেইমে মাল্টিপ্লেয়ার সংস্করণ থাকলেও ‘দ্য লাস্ট অফ আস অনলাইন’ সংস্করণটি তৈরির কথা ছিল ‘লাইভ সার্ভিস’ গেইম হিসেবে। অর্থাৎ, গেইমাররা সরাসরি অন্যান্য গেইমারের সঙ্গে গেইমটি খেলার সুযোগ পেতেন।

এ ধরনের অনলাইনভিত্তিক গেইম উন্মোচনের পর নিয়মিতই বিভিন্ন আপডেট ও নতুন কনটেন্ট আনতে হয়, যার মাধ্যমে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত গেইমারদের মনযোগ ধরে রাখা সম্ভব হয়।

তবে, এ ধরনের গেইম সংশ্লিষ্ট কার্যক্রমে প্রচুর শ্রমের প্রয়োজন পড়ে। নটি ডগ বলেছে, তারা যদি ‘লাস্ট অফ আস’ গেইমের অনলাইন সংস্করণ চালু করত, তবে কোম্পানি কেবল ‘একটি লাইভ সার্ভিস গেইমের স্টুডিও’তে পরিণত হতো।

কোম্পানিটি আরও বলেছে, তারা এর বদলে বিভিন্ন এমন উচ্চাভিলাষী ও নতুন ‘সিঙ্গল প্লেয়ার’ গেইমের দিকে মনযোগ দিতে চায়, যেগুলো এখন নির্মাণাধীন পর্যায়ে আছে।

সম্প্রতি সনি ঘোষণা দিয়েছে, তারা লাইভ সার্ভিস গেইম তৈরির পরিকল্পনা থেকে সরে আসছে। এর পরপরই এ পদক্ষেপ এল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সনি বলেছিল, ২০২৬ সাল নাগাদ কোম্পানি ১২টি নতুন গেইম আনতে চায়। কিন্তু পরবর্তীতে সংখ্যাটি নামিয়ে আনা হয়েছে ছয়-এ।

এর পরও সনি’র শীর্ষ কর্মকর্তারা আভাস দিয়েছেন, তারা এখনও বড় বড় মাল্টিপ্লেয়ার গেইমের দিকে মনযোগ দিতে চান, যেখানে অগ্রাধিকার পাবে গেইমের গুণগত মান।

কোম্পানি বলেছে, তারা এমন বিভিন্ন গেইম নিয়ে এখন কাজ করছে যেগুলো নিয়ে প্রকাশ্যে কোনো তথ্য আসেনি। এ ছাড়া, জানুয়ারিতে ‘দ্য লাস্ট অফ আস: পার্ট ২’র রিমাস্টার্ড সংস্করণ প্রকাশ করার কথাও জানিয়েছে নটি ডগ।

এদিকে, নেটফ্লিক্স সিরিজ ‘নার্কোস’ খ্যাত মার্কিন অভিনেতা পেদ্রো পাসকাল ও ‘গেইম অফ থ্রোনস’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী বেলা রামজি অভিনীত ‘লাস্ট অফ আস’ গেইমের টিভি সংস্করণ এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ তিনটি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে।