অ্যারি’র ক্যামেরা প্রযুক্তিতে অনারের নতুন ফোন ‘ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’
ট্রিপল ক্যামেরা সিস্টেম ও নিজস্ব ইমেজিং প্রসেসরের পাশাপাশি ফোনটিতে অ্যারি’র লগ ফরম্যাট ও সিনেমাটিক কালার প্রোফাইল ব্যবহারের সুবিধা রয়েছে।
মোবাইল সিনেমাটোগ্রাফিতে হলিউড-মানের অভিজ্ঞতা দিতে জার্মান সিনেমা ক্যামেরা নির্মাতা অ্যারি’র সঙ্গে জুটি বেঁধে নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছে অনার।
ট্রিপল ক্যামেরা সিস্টেম ও নিজস্ব ইমেজিং প্রসেসরের পাশাপাশি ‘ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’ ফোনটিতে অ্যারি’র লগ ফরম্যাট ও সিনেমাটিক কালার প্রোফাইল ব্যবহারের সুবিধা রয়েছে।
ফোনটি অনারের ‘রোবট ফোন’-এর পর প্রথম পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ, যা ‘অ্যারি’র সঙ্গে পার্টনারশিপের সুবিধা পাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
জার্মান কোম্পানিটি ‘অ্যালেক্সা’ সিনেমা ক্যামেরা তৈরি করে। অ্যারির ক্যামেরায় ধারণ করা ছয়টি চলচ্চিত্র পরবর্তীতে সিনেমাটোগ্রাফির জন্য অস্কার জিতেছে।
‘ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’ অনারের প্রথম ফ্ল্যাগশিপ, যাতে কোম্পানিটির নতুন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ব্যবহৃত হয়েছে। নকশাটি প্রথম দেখা গিয়েছিল তাদের তুলনামূলক কম দামের ‘এন’ সিরিজের মডেলগুলোতে।
ফোনের মধ্যে নতুন ক্যামেরা মডিউল ও ফ্রেমের আশপাশে নতুন রঙের বিপরীত ব্যাক প্যানেল রয়েছে। একইভাবে, এটা অনারের প্রথম ফ্ল্যাগশিপ ফোন যাতে ‘প্রো ম্যাক্স’ নামটি যোগ হয়েছে।
ফোনটিতে রয়েছে ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬’ সিস্টেম-অন-চিপ, সঙ্গে ১২ জিবি বা ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি, ৫১২ জিবি বা ১ টেরাবাইট স্টোরেজের বিকল্প।
সামনে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির ২৮৬৮ বাই ১৩২০ রেজুলিউশনের এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা ১০,০০০ নিটস।
এর সঙ্গে রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যা ১০০ ওয়াট তারওয়ালা বা ৮০ ওয়াট তারহীন চার্জিং সমর্থন করে।
অন্যান্য কার্যকর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ওয়াই-ফাই ৭, দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ই-সিম ব্যবহারের সুবিধা ও ৫৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফোনের পেছনের ‘অ্যারিফ্লেক্স’-অনুপ্রাণিত ট্রিপল ক্যামেরা সিস্টেমের মূল আকর্ষণের তুলনায় এগুলো কেবল পার্শ্বচরিত্র মাত্র।
এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের এফ/১.৫৭ ওআইএস প্রাইমারি লেন্স ও ২০০ মেগাপিক্সেলের এফ/২.৬ ওআইএস টেলিফটো লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের এফ/২.০ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
অনারের দাবি, ব্যবহারকারী যেভাবেই ফোনটি ধরুন না কেন শটগুলো যথাসম্ভব মসৃণ রাখতে প্রাইমারি লেন্সে ‘গিম্বাল’ পর্যায়ের অপটিক্যাল স্ট্যাবিলাইজেশন রয়েছে।
এই বড় মেগাপিক্সেলের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে অনার তাদের প্রথম নিজস্ব ইমেজিং প্রসেসর ‘এইচ১’ উন্মোচন করছে ও অ্যারি’র কারিগরি সক্ষমতাকে কাজে লাগিয়েছে।
অনারের ভাষ্য অনুসারে, ‘ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’-এ সম্পূর্ণ সিনেমাটিক ওয়ার্কফ্লো ব্যবহৃত হয়েছে। এতে অ্যারি’র নিজস্ব লগ ফরম্যাট ‘অ্যারি লগসি৩’তে উন্নত মানের ভিডিও ধারণ করা যায়।
পাশাপাশি ফুটেজে প্রয়োগ করার জন্য অ্যারি’র তৈরি একাধিক ফিল্টার ও কালার প্রোফাইল রয়েছে। ফুটেজে ব্যবহারের জন্য ৮৭টি পর্যন্ত ‘অ্যারি লুকস’ বেছে নেওয়া ও ২.৩৯:১-এর মতো সিনেমা রেশিওতেও ভিডিও করা যাবে।
এই খাতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে ‘স্মলরিগ’-এর সঙ্গে পার্টনারশিপে একগুচ্ছ অ্যাকসেসরি আনছে অনার।
ফোনে স্মলরিগের ক্যামেরা কেইজ যোগ করলে অনার ব্র্যান্ডের ‘টেলিকনভার্টার জি২০০’ বা ‘টেলিকনভার্টার জি৫০০’ সংযুক্ত করতে পারবেন।
এগুলো ফোনের ফোকাল লেন্থ ২০০ মিলিমিটার বা ৫০০ মিলিমিটার পর্যন্ত বাড়িয়ে দেবে। ফলে যেসব দূরত্ব এআই-নির্ভর ইমেজিং দিয়ে ধারণ কঠিন সেগুলোও সহজে ধারণ করা যাবে।
অনারের ‘ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’ প্রথম মালয়েশিয়ার বাজারে আসছে, যেখানে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৪৫৫ ডলার।
আগামী মাসে ফোনটি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে ও জানুয়ারি মাসে পশ্চিমা বাজারে প্রথম আত্মপ্রকাশ করবে।
