১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাড়ি উৎপাদন কমিয়ে এবার রোবট ও এআইয়ে নজর টেসলার

জনপ্রিয় দুটি মডেলের গাড়ি উৎপাদন বন্ধ করে দিচ্ছে টেসলা। যে কারখানায় এসব গাড়ি তৈরি হয় সেখানে এখন থেকে হিউম্যানয়েড রোবট তৈরি করবে কোম্পানিটি।

গাড়ি উৎপাদন কমিয়ে এবার রোবট ও এআইয়ে নজর টেসলার
ইভি তৈরির ওপর থেকে মনোযোগ সরিয়ে এআই ও রোবটিক্স প্রযুক্তির দিকে বেশি নজর দিচ্ছে কোম্পানিটি। ছবি: টেসলা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

গাড়িনির্মাণ শিল্পের চেনা পথ ছেড়ে এবার রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের পথে অটোপাইলটের গতি যেন একটু বাড়াল বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা মার্কিন কোম্পানি টেসলা।

কোম্পানিটি বলেছে, প্রথমবারের মতো তাদের বার্ষিক আয় কমেছে। ইভি তৈরির ওপর থেকে মনোযোগ সরিয়ে এখন এআই ও রোবটিক্স প্রযুক্তির দিকে বেশি নজর দিচ্ছে কোম্পানিটি।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের পরিচালিত এ কোম্পানিটি বলেছে, ২০২৫ সালে তাদের মোট আয় তিন শতাংশ কমেছে। আর, বছরের শেষ তিন মাসে তাদের মুনাফা কমেছে প্রায় ৬১ শতাংশ।

ঘোষণায় টেসলা বলেছে, নিজেদের জনপ্রিয় ‘মডেল এস’ ও ‘মডেল এক্স’ গাড়িগুলোর উৎপাদন বন্ধ করে দিচ্ছে তারা। ক্যালিফোর্নিয়ার যে কারখানায় এসব গাড়ি তৈরি হয় সেখানে এখন থেকে তৈরি হবে হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’।

এ বছরের জানুয়ারিতে টেসলাকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ইভি নির্মাতার জায়গা দখল করেছে চীনের কোম্পানি ‘বিওয়াইডি’। পাশাপাশি, গেল বছর রাজনীতিতে মাস্কের সক্রিয় অংশগ্রহণ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বেশ বিতর্কেরও জন্ম দিয়েছে।

টেসলা এর মধ্যে মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’তে ২০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণাও দিয়েছে।

এক্সএআইতে টেসলার সাম্প্রতিক বিনিয়োগ নিয়ে মাস্ক বলেছেন, “অনেক বিনিয়োগকারীই আমাদের এমনটি করতে বলেছেন। তাদের ধারণা, আমাদের এক্সএআইতে বিনিয়োগ করা উচিত। ফলে বিনিয়োগকারীদের চাওয়া অনুসারেই কাজ করেছি আমরা।”

বিনিয়োগের সিদ্ধান্তটি এমন সময়ে এল, যেখানে প্রস্তাবটির বিপক্ষে বা ভোট দেওয়া থেকে বিরত ছিলেন টেসলার বিনিয়োগকারীরা। ভোটাভুটিতে যারা এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন তাদের তুলনায় বিপক্ষ ও ভোটদানে বিরত থাকা সদস্যদের যোগফলই বেশি।

গত বছর বিপুল ভোটে বিশ্বের শীর্ষ ধনী মাস্কের জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক বা ‘পে প্যাকেজ’ অনুমোদন করেছিলেন বিনিয়োগকারীরা, যার মূল্য হতে পারে প্রায় ১ ট্রিলিয়ন ডলার।

তবে এ মোটা অংকের অর্থ পেতে হলে আগামী ১০ বছরের মধ্যে মাস্ককে কোম্পানির বাজারমূল্য ব্যাপকহারে বাড়াতে হবে।

এ ছাড়া, নিজেদের খরচের পরিমাণও বাড়ানোর পরিকল্পনা করছে টেসলা, যার পরিমাণ হবে প্রায় ২ হাজার কোটি ডলার। বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় মাস্ক বলেছেন, “আগামী বছর আমাদের মূলধনী ব্যয় অনেক বেশি হবে। এক মহাকাব্যিক ভবিষ্যতের জন্য আমরা এসব বড় বিনিয়োগ করছি।”

এ খবরের পর লেনদেনে টেসলার শেয়ারের দাম প্রায় দুই শতাংশ বেড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে সরকারি খরচ কমিয়ে আনার দায়িত্ব নেওয়াসহ মাস্কের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পর টেসলার বিক্রি কমেছে। তার এই রাজনৈতিক কর্মকাণ্ড টেসলার গ্রাহকদের একটি অংশকে অসন্তুষ্ট করেছে। বিশ্বের বিভিন্ন স্থানে টেসলার শোরুমগুলোতেও বিক্ষোভ দেখা গেছে।

গাড়িনির্মাণ থেকে টেসলার এই সরে আসার বিষয়টি এমন সময়ে ঘটছে যখন পরিবেশবান্ধব গাড়ির জন্য সরকারি ভর্তুকি বাতিল করছে ট্রাম্প প্রশাসন।

এক সময় বিশ্বের অন্যতম লাভজনক গাড়ি নির্মাতা হওয়ার পরও এখন ‘রোবোট্যাক্সি’ বা স্বচালিত ট্যাক্সি ব্যবসার দিকে আরও বেশি ঝুঁকছে টেসলা।

বিশ্লেষকদের মতে, টেসলার এ নতুন সব ব্যবসায় নামার অন্যতম কারণ তাদের বর্তমান বিভিন্ন ইভি মডেলের পুরানো হয়ে যাওয়া।

অটোমোটিভ গবেষণা প্রতিষ্ঠান ‘এডমন্ডস’-এর ইনসাইটস প্রধান জেসিকা ক্যালডওয়েল বলেছেন, “মডেল এস ও মডেল এক্স অনেক দিন ধরেই টেসলার জন্য খুব কম বিক্রি হওয়া গাড়ি।

“ব্যবসায়িক পোর্টফোলিও এবং মনোযোগের জায়গা থেকে দেখলে এসব পুরানো মডেল বন্ধ করে দেওয়া এবং মডেল থ্রি ও মডেল ওয়াই-এর মতো বেশি বিক্রিত পণ্যের পাশাপাশি নতুন ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে মনোযোগ দেওয়াটাই এখন কোম্পানিটির জন্য যুক্তিসঙ্গত।”