Published : 12 Feb 2025, 08:09 PM
‘দুর্যোগের ঝুঁকি’র কারণে শীর্ষ মার্কিন অ্যারোস্পেস কোম্পানি বোয়িংয়ের প্রথম মহাকাশ যাত্রা নিয়ে সতর্ক করেছে নাসা’র এক চুক্তিবদ্ধ কোম্পানি।
কোম্পানিটির নাম ‘ভালভটেক’, যারা বোয়িংয়ের স্টারলাইনার রকেটের জন্য প্রয়োজনীয় রসদের জোগান দিয়ে থাকে নাসাকে। তবে, ‘বিপর্যয়কর কিছু ঘটার আগেই’ ১৭ মে’র এই সম্ভাব্য রকেট যাত্রা নিয়ে সতর্কবার্তা দিয়েছে কোম্পানিটি।
রকেটটি উৎক্ষেপণ হওয়ার কথা ছিল ৬ মে। তবে, ভালভের কারিগরি ত্রুটির কারণে উৎক্ষেপণের দুই ঘণ্টা আগেই তা স্থগিত হয়ে যায়।
স্টারলাইনার রকেটটিকে নকশা করা হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ও পৃথিবীর নিম্ন-কক্ষপথে নভোচারী পাঠানোর লক্ষ্যে।
“নাসার গুরুত্বপূর্ণ অংশীদার ও ভালভ বিশেষজ্ঞ হিসাবে আমরা জোরালো আবেদন জানাচ্ছি, লঞ্চপ্যাডে বিপর্যয়ের ঝুঁকি থাকায় তারা যেন দ্বিতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা না চালায়,” প্রেস বিজ্ঞপ্তিতে বলেন ‘ভালভটেক’-এর প্রেসিডেন্ট এরিন ফাভিল।
“উৎক্ষেপণের কয়েক মিনিট আগে স্টারলাইনারের পাশ দিয়ে কেউ একজন হেঁটে যাওয়ার সময় লিক করা ভালভের শব্দ শুনতে পেয়েছেন বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এর ফলে ইঙ্গিত মেলে, ভালভটি সম্ভবত কার্যকারিতা হারিয়েছে।”
‘ভালভ’ এমন এক যান্ত্রিক ডিভাইস, যা ব্যবহার করে রকেটের প্রোপালশন সিস্টেমে গ্যাস বা তরলের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়।
এজন্য নাসাকে রকেটটির নিরাপত্তা ব্যবস্থা অন্তত দু’বার পরীক্ষা করার অনুরোধ করেছেন ফাবিল। যাতে নভোচারী ও ভূপৃষ্ঠে থাকা লোকজনের ওপর বিপর্যয়কর কিছু ঘটার আগেই এর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আর এটি বোয়িংয়ের জন্য সর্বশেষ দুঃসংবাদ। সম্প্রতি বিমানের ত্রুটি নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছে কোম্পানিটি।
এরপর চুক্তিবদ্ধ কোম্পানিটি আরও একটি বিষয় সামনে নিয়ে আসে যা ঘটেছিল ২০২৩ সালের নভেম্বর মাসের আগে। আরেক চুক্তিবদ্ধ কোম্পানি ‘অ্যারোজেট রকেটডাইন’ থেকে একটি ভালভ ব্যবহার করেছে বোয়িং, যা ‘ভালভটেক’-এর সঙ্গে বোয়িংয়ের চুক্তির লঙ্ঘন।
প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, শুনানির সময় একজন সাক্ষী সতর্ক করে বলেছেন, অ্যারোজেট-এর ভালভ ‘সঠিক স্পেসিফিকেশন ব্যবহার করেনি ও নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করার বিষয়টিও মূল্যায়ন করেনি’।