Published : 06 Feb 2026, 04:33 PM
ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলে না। বাড়ির বাইরে পা রাখলে অনেক সময় হোটেল, ক্যাফে বা বিমানবন্দরের ফ্রি বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন মানুষ। তবে এ উন্মুক্ত নেটওয়ার্ক কি সবসময় নিরাপদ?
নিরাপদ থাকতে পাবলিক ও প্রাইভেট ওয়াইফাইয়ের মধ্যে মূল পার্থক্য বোঝা ও ব্যবহারের সঠিক নিয়ম জানা প্রত্যেকের জন্য জরুরি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট স্যামমোবাইল।
পাবলিক ওয়াইফাই সবার ব্যবহারের জন্য খোলা থাকে। সাধারণত ক্যাফে, বিমানবন্দর ও হোটেলে এ ধরনের নেটওয়ার্ক মেলে। অন্যদিকে, প্রাইভেট ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের জন্য পাসওয়ার্ড প্রয়োজন ও তা নির্দিষ্ট মালিকের নিয়ন্ত্রণে থাকে, যেমন বাসার রাউটার।
আসল পার্থক্য কোথায়?
পাবলিক ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই যে কেউ ব্যবহার করতে পারেন। সাধারণত পাবলিক প্লেসগুলোতে এ ধরনের নেটওয়ার্ক দেখা যায়।
এ দুইয়ের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এর নিয়ন্ত্রণ ও মালিকানায়। পাবলিক নেটওয়ার্ক নিরাপত্তার চেয়ে ব্যবহারকারীর সুবিধাকে বেশি গুরুত্ব দেয়। ফলে যে কেউ এখানে যোগ হতে পারে। এসব নেটওয়ার্ক সাধারণত ‘ফ্রি ওয়াইফাই’ বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকে ও কোনো পাসওয়ার্ড লাগে না। বিপরীতে, প্রাইভেট নেটওয়ার্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে, যেমন এনক্রিপশন, পাসওয়ার্ড সুরক্ষা ও ব্যবহারকারী নিয়ন্ত্রণের সুবিধা।
নেটওয়ার্কের পরিকাঠামো বা গঠনগত দিক থেকেও এদের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। পাবলিক ওয়াইফাই সাধারণত নির্দিষ্ট ব্যান্ডউইথ বা ইন্টারনেট গতি সংযোগ সকল ব্যবহারকারীর মধ্যে ভাগ করে দেয়, যার ফলে ভিড়ের সময় ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
অন্যদিকে, প্রাইভেট নেটওয়ার্কের ক্ষেত্রে মালিক নিজেই ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ করেন। গ্রাহক চাইলে নির্দিষ্ট কোনো ডিভাইসে বেশি গতি দিতে এবং কারা নেটওয়ার্ক ব্যবহার করছে তা তদারকি করতে পারেন।
এ নিয়ন্ত্রণের সক্ষমতা নেটওয়ার্ক সেটিংস, ফায়ারওয়াল কনফিগারেশন ও নিরাপত্তা প্রোটোকল পর্যন্ত বিস্তৃত, যা নেটওয়ার্কে যোগ থাকা বিভিন্ন ডিভাইসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
ওয়াইফাই নেটওয়ার্ক নিরাপদ কি না, তা কীভাবে বুঝবেন?
নিরাপদ ওয়াইফাই নেটওয়ার্কের নামের পাশে একটি প্যাডলক বা তালা চিহ্ণ দেখা যায়, যেখানে যুক্ত হতে পাসওয়ার্ডের প্রয়োজন। নেটওয়ার্কটিতে ‘ডব্লিউপিএ২’ বা ‘ডব্লিউপিএ৩’ এনক্রিপশন প্রোটোকল থাকা উচিত, যা কানেক্ট করার আগেই গ্রাহকরা তাদের ডিভাইসের ‘নেটওয়ার্ক ডিটেইলস’ থেকে যাচাই করে নিতে পারেন।
ওয়াইফাই নেটওয়ার্কের নিরাপত্তা যাচাই করতে নিচের বিষয়গুলো খেয়াল করা জরুরি–
● নেটওয়ার্কের নামের পাশে তালা চিহ্ণ আছে কি না দেখা।
● কানেক্ট করার জন্য পাসওয়ার্ড প্রয়োজন হয় কি না।
● নেটওয়ার্কের নামটি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বা জায়গার আসল নামের সঙ্গে মিলছে কি না।
● ‘ডব্লিউপিএ২’ বা ‘ডব্লিউপিএ৩’ এনক্রিপশন আছে কি না নিশ্চিত হওয়া এবং ওপেন নেটওয়ার্ক এড়িয়ে চলা।
● কর্তৃপক্ষ বা কর্মীরা সরাসরি অফিশিয়াল নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড দিচ্ছে কি না সেটিও দেখা।
পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় যা করা উচিত নয়
পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় কখনোই ব্যাংকিং সেবা ব্যবহার, অনলাইনে কেনাকাটা বা ইমেইল বা সামাজিক মাধ্যমের মতো সংবেদনশীল অ্যাকাউন্টে লগ-ইন করা উচিন নয়।
এ ছাড়াও কোনো অ্যাপ ডাউনলোড, অফিসের সিস্টেমে প্রবেশ বা গুরুত্বপূর্ণ পরিষেবার পাসওয়ার্ড দেওয়া থেকে দূরে থাকা উচিত। কারণ এ ধরনের কাজের ফলে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি বাড়ে।
পাবলিক ওয়াইফাই সংযোগে থাকাকালীন নিচের কাজগুলো এড়িয়ে চলুন–
● অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা বা অর্থ লেনদেন।
● অনলাইনে কেনাকাটা করা বা ক্রেডিট কার্ডের তথ্য দেওয়া।
● পেপাল বা ডিজিটাল ওয়ালেটের মতো পেমেন্ট অ্যাপের ব্যবহার।
● বিল পরিশোধ করা বা বিনিয়োগ সংক্রান্ত অ্যাকাউন্টে প্রবেশ।
● অফিসের ইমেইল বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশ।
● অজানা উৎস থেকে সফটওয়্যার আপডেট বা অ্যাপ ডাউনলোড।
● ব্যক্তিগত ক্লাউড স্টোরেজ পরিষেবার ব্যবহার।
● সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইনপুট দেওয়া।
● সংবেদনশীল বা ও প্রাইভেসি তথ্য রয়েছে এমন ভিডিও কলে যুক্ত হওয়া।