এআই চিপ: যুক্তরাষ্ট্রের ‘বিবেচনায়’ চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা
এনভিডিয়া বলেছে, চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট কাজের জন্য বিশেষভাবে তৈরি কোম্পানির দুটি শীর্ষ কম্পিউটিং চিপ রপ্তানি বন্ধ করতে বলেছে মার্কিন কর্মকর্তারা।
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনায় রেখেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এনভিডিয়ার শেয়ার মূল্য কমেছে দুই শতাংশ। আর ‘অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)’র বেলায় সেটি দেড় শতাংশ।
জুলাইয়ের শুরু থেকেই মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় চীনে এনভিডিয়া ও অন্যান্য চিপ নির্মাতা কোম্পানির তৈরি চিপের শিপমেন্ট বন্ধ করে দেবে বলে প্রতিবেদনে লিখেছে জার্নাল।
সেপ্টেম্বরে এনভিডিয়া বলেছে, চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট কাজের জন্য বিশেষভাবে তৈরি কোম্পানির দুটি শীর্ষ কম্পিউটিং চিপ রপ্তানি বন্ধ করতে বলেছে মার্কিন কর্মকর্তারা।
এর মাসখানেক পর মার্কিন ধনকুবের জেনসেন হুয়াং নেতৃত্বাধীন এনভিডিয়া বলেছে, রপ্তানি নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট নীতিমালা মেনে চলতে তারা চীনকে ‘এ৮০০’ নামের নতুন উন্নত চিপ কেনার প্রস্তাব দেবে। এই নীতিমালা মানতে বছরের শুরুতে নিজেদের ফ্ল্যাগশিপ ‘এইচ১০০’ চিপ রপ্তানিও বন্ধ করেছে কোম্পানিটি।
তবে, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিশেষ রপ্তানি লাইসেন্স ছাড়া দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ৮০০ চিপ রপ্তানিও বন্ধ করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট।
এই প্রসঙ্গে রয়টার্স মার্কিন বাণিজ্য বিভাগের মন্তব্য জানতে চাইলে তারা কোনো সাড়া দেয়নি।
