২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ধাক্কা সামলে দর বাড়ছে বেশিরভাগ শেয়ারের

বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 12:08 PM

Updated : 22 Jan 2024, 01:32 PM

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম দিনের দরপতনের ধাক্কা সামলে দ্বিতীয় দিন বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।

সোমবার সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর দেড় ঘণ্টায় লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ভেতরে ২০০টির দাম বেড়েছে, কমেছে ১৪৪টির। আর ৩৫টির দর অপরিবর্তিত ছিল।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছিল। ওই সময় পর্যন্ত ৪৫৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

পুঁজিবাজারে এখন তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা ৩৯২টি। এর মধ্যে গত বৃহস্পতিবার ৩৫৭টির শেয়ারদরের সর্বনিম্ন সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরপর রোববার প্রথম কার্যদিবসের শুরু হয় বড় দরপতনের মধ্য দিয়ে। অধিকাংশ শেয়ারের দাম পড়ে যাওয়ার পাশাপাশি সূচকে বড় পতন ঘটে।

শেষ পর্যন্ত ধাক্কা সামাল দিতে এগিয়ে আসেন প্রাতিষ্ঠানিক বিনিয়েগাকারীরা। তাদের অংশগ্রহণে বাজার আরও বড় পতন থেকে রক্ষা পায়।

রোববার লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৬ হাজার ২৪০ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট কম।

লেনদেনে আসা ৩৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর পতন হয় ২৯৬টির, দর বেড়ে লেনদেন শেষ করে ৫৪টি; আর ৩৬টির দর ছিল অপরিবর্তিত।

বাজারে নতুন বিনিয়োগ প্রবেশ করায় সোমবারও ইতিবাচক ভাব বাজায় থাকবে বলে ধারণা ছিল বিনিয়োগকারীদের। তবে এদিন লেনদেন শুরু হয় মিশ্র প্রবণতায়।

লেনদেন শুরুর দুই মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ছয় হাজার ২৪০ থেকে নেমে যায় ছয় হাজার ১৮৯ পয়েন্টে। ৫১ পয়েন্ট হারানোর পর প্রথমবার উঠতে শুরু করে সূচক। ছয় হাজার ১৯৬ পয়েন্টে যাওয়ার পর আরেক দফা পতনে ছয় পয়েন্ট হারায় সূচক।

সকাল ১০টা ৬ মিনিটে সূচক ফের ঊর্ধ্বমুখী হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই প্রবণতাই চলছিল লেনদেনে।