১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রতিরক্ষা সম্পর্ক জোরদার ও যৌথ উৎপাদনে প্রস্তুত তুরস্ক-সৌদি আরব

যৌথভাবে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে হাত মেলাচ্ছে তুরস্ক ও সৌদি আরব। ১২ হাজার কোটি ডলারের পোর্টফোলিও নিয়ে রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী আঙ্কারা।

প্রতিরক্ষা সম্পর্ক জোরদার ও যৌথ উৎপাদনে প্রস্তুত তুরস্ক-সৌদি আরব

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সৌদি আরবের যুবরাজ বিন-সালমান। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 12:01 AM

Updated : 14 Nov 2026, 12:01 AM

১ হাজার ৪০০টির বেশি প্রকল্প এবং ১২০ বিলিয়ন ডলারের (১২ হাজার কোটি ডলার) বিশাল কর্মযজ্ঞের ওপর ভর করে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে প্রস্তুত তুরস্ক। বৃহস্পতিবার দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানিয়েছেন।

ইস্তাম্বুলে আয়োজিত ‘তুরস্ক-সৌদি আরব প্রতিরক্ষা শিল্প দিবস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের (এসএসবি) প্রধান হালুক গোরগুন।

তুরস্কের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড (দেইক), প্রতিরক্ষা শিল্প ক্লাস্টার ‘সাহা ইস্তাম্বুল’ এবং ‘সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ’(সামি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিমন্ত্রী ও জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজের (গামি) ভারপ্রাপ্ত গভর্নর বান্দার আল-খোরাইয়েফ, তুরস্কের শিল্প ও প্রযুক্তি উপমন্ত্রী চেতিন আলি দোনমেজ এবং ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল উপস্থিত ছিলেন।

হালুক গোরগুন বলেন, “আমাদের প্রায় ৪ হাজার ৫০০টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান (এসএমই), ১ হাজার ৪০০টির বেশি প্রকল্প, প্রায় ১২০ বিলিয়ন ডলারের পোর্টফোলিও এবং আমাদের প্রেসিডেন্টের নির্দেশনা নিয়ে আমরা যৌথভাবে বাস্তবায়ন করা সম্ভব এমন প্রতিটি পদক্ষেপ নিতে প্রস্তুত।”

তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের নেতৃত্বে গত ২০ বছরে তুরস্ক একটি শক্তিশালী প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ে তুলেছে এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে যৌথভাবে এই মডেলের বিকাশ ঘটাতে চায়।

গোরগুন জানান, গত সাড়ে তিন বছরে তুর্কি কর্মকর্তারা গামি, সামি এবং জেনারেল অথরিটি ফর ডিফেন্স ডেভেলপমেন্টসহ (গ্যাড) সংশ্লিষ্ট সৌদি সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ৭৫টি বৈঠক করেছেন।

রিয়াদের ‘ভিশন ২০৩০’-এর অধীনে প্রতিরক্ষা উৎপাদনের অন্তত ৫০ শতাংশ স্থানীয়করণের লক্ষ্য অর্জনে তুর্কি কোম্পানিগুলো সৌদি অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

এছাড়া, ‘ভিশন ২০৩০’-এর আওতায় ‘ডিফেন্স সেন্টারস অব এক্সিলেন্স’ প্রতিষ্ঠা এবং অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে শীর্ষস্থানীয় তুর্কি প্রতিষ্ঠান ও সৌদি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সৌদি মন্ত্রী বান্দার আল-খোরাইয়েফ বলেন, তুরস্ক ও সৌদি আরব কেবল শিল্প খাতেই নয়, বরং ভ্রাতৃত্বের ভিত্তিতেও একে অপরকে সহযোগিতা করে। এ প্রসঙ্গে তিনি জি-২০ এবং মক্কা চুক্তির আওতায় যৌথ প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তিনি জানান, সৌদি আরবের প্রতিরক্ষা স্থানীয়করণের হার ৪ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশে দাঁড়িয়েছে। প্রযুক্তি হস্তান্তর ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে ‘ভিশন ২০৩০’-এর অধীনে এটি ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্বমানের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে রিয়াদ নানা প্রণোদনা দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তুরস্কের শিল্প ও প্রযুক্তি উপমন্ত্রী চেতিন আলি দোনমেজ বলেন, তুরস্কের বার্ষিক রপ্তানি প্রায় ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার মধ্যে উৎপাদন খাতের অবদান প্রায় ২৬০ বিলিয়ন ডলার।

মহামারির পর থেকে দেশটির উচ্চ-প্রযুক্তি পণ্যের রপ্তানি ৮৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে এবং মোট রপ্তানিতে উচ্চ ও মধ্যম-উচ্চ প্রযুক্তির পণ্যের অংশ ৪৪ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।

দোনমেজ জানান, তুরস্কের মোট গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ব্যয় ২৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জাতীয় আয়ের ১ দশমিক ৫ শতাংশের বেশি। এই খাতে ৩ লাখ ১৮ হাজার কর্মী কাজ করছেন।

তিনি আরও জানান, ২০০২ সালে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি ২৪৮ মিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে; ৪ হাজারের বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন ১ লাখের বেশি দক্ষ কর্মী।

মন্ত্রণালয় এ খাতে ১ হাজার ২০০টির বেশি বিনিয়োগ প্রণোদনা সনদ দিয়েছে এবং গত বছর ৮০টি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কেন্দ্রকে ৭১ বিলিয়ন তুর্কি লিরা রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হয়েছে।

পাশাপাশি গবেষণা পরিষদ ‘তুবিটাক’ ২ হাজার ২০০টির বেশি প্রকল্প ও ৪ হাজারের বেশি গবেষককে ৬৫ বিলিয়ন লিরা সহায়তা দিয়েছে।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল বলেন, বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসেবে ইস্তাম্বুলে প্রতি সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠক করেন।

‘সাহা ইস্তাম্বুল’ প্রতিরক্ষা শিল্প ক্লাস্টারিংকে নতুন উচ্চতায় নিয়ে তুরস্কের অর্জিত অভিজ্ঞতা দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের কাছে পৌঁছে দিচ্ছে।

সাহা ইস্তাম্বুলের ভাইস চেয়ারম্যান ও রকেটসানের সিইও মুরাত ইকিনজি বলেন, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা উভয় দেশের শিল্পায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে। মক্কা চুক্তির যৌথ অঙ্গীকার ও জোরালো রাজনৈতিক সদিচ্ছা যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের বাস্তবভিত্তিক প্রকল্পের পথ প্রশস্ত করেছে।

১ হাজার ৩০০টির বেশি সদস্য প্রতিষ্ঠান নিয়ে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ক্লাস্টার সাহা ইস্তাম্বুলের এই নেতা সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এসএমই), সাব-কন্ট্রাক্টর ও প্রযুক্তি স্টার্টআপগুলোকে যুক্ত করার আহ্বান জানান।

স্বয়ংক্রিয় ব্যবস্থা, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, প্রপালশন এবং মহাকাশ প্রযুক্তিতে যৌথ গবেষণা উভয় দেশকে দ্রুত সুফল দেবে বলেও উল্লেখ করেন তিনি।