চেক জমা দিয়ে শেয়ার কেনায় বিএসইসির চার শর্ত
তিন সপ্তাহের ব্যবধানে সিদ্ধান্ত বদলাল নিয়ন্ত্রক সংস্থা।
চার শর্তে চেক জমা দিয়েই শেয়ার কেনার সুযোগ দিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ব্যাংক হিসাবের চেক, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট বা সমজাতীয় উপকরণের বিপরীতে সিকিউরিটিজ কেনা সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়, “কোনো বিনিয়োগকারী চেক, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট বা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে দেওয়া উপকরণ সিকিউরিটিজ প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকের কাছে জমা দিয়ে তা নগদায়ন করার আগে সিকিউরিটিজি ক্রয় করতে পারবে।”
কিন্তু চেক বা সমজাতীয় উপকরণ জমা দিয়ে লেনদেন করতে চারটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
# বিনিয়োগকারীর কাছ থেকে নেওয়া ব্যাংক হিসাবের চেক ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংক-কে সেদিন বা পরের কার্যদিবসে ব্যাংকে জমা দিতে হবে। যদি জমা না দেওয়া হয়, তাহলে পরবর্তী এক বছরের জন্য আইপিওতে (প্রাথমিক গণ প্রস্তাব) ‘যোগ্য বিনিয়োগকারীর’ কোটা সুযোগসুবিধা হারাবে ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংক।
# বিনিয়োগকারীর জমা দেওয়া ব্যাংকের চেক যদি বাউন্স করে, অর্থাৎ ব্যাংক হিসাবে যদি সমপরিমাণ টাকা পাওয়া না যায় বা কোনো কারণে প্রতিশ্রুত অর্থ নগদায়ন না হয়, তাহলে ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংকের শেয়ার কেনাবেচার জন্য থাকা ‘কনসোলিডেট কাস্টমার হিসাব’ থেকে তা কেটে নেওয়া হবে।
সেটিও যদি না হয়, তাহলে সেই প্রতিষ্ঠান কমপক্ষে পরবর্তী এক বছরের জন্য আইপিওতে ‘যোগ্য বিনিয়োগকারীর’ সব ধরনের সুবিধা হারাবে। এর সঙ্গে সিকিউরিটিজ আইনসহ অন্যান্য বিধিবিধান অনুযায়ী ব্যবস্থাও নিতে পারবে কমিশন।
# যে বিনিয়োগকারীর চেক বাউন্স হবে বা নগদায়ন হবে না, তিনি বা ওই প্রতিষ্ঠান কমপক্ষে এক বছর পুঁজিবাজারে আর চেক বা সমজাতীয় কোনো উপরকরণ দিয়ে লেনদেন করতে পারবে না।
# প্রতিটি ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংককে নগদায়ন না হওয়া বিনিয়োগকারীর তালিকা মাস শেষ হওয়ার ১০ দিবসের মধ্যে বিএসইসির কাছে পাঠাতে হবে।
এক দশকেরও বেশি সময় আগে চেক জমা দিয়ে সিকিউরিটজ কেনার সুযোগ দিয়েছিল বিএসইসি, কিন্তু তখন বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তা বাতিল করা হয়।
এর মধ্যে গত ১১ অক্টোবর চেক নগদায়ন না হওয়া পর্যন্ত সিকিউরিটিজ কেনা যাবে না বলে নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। এরপর বাজার টালমালের মধ্যে শর্তসাপেক্ষে শেয়ার কেনার সুযোগ দিল বিএসইসি।
