পুঁজিবাজারের ‘দুর্দিন’ কেটে যাবে, আশা ডিএসই চেয়ারম্যানের
ইউনুসুর রহমান মনে করেন, এখন যে আইনি কাঠামো রয়েছে, পুঁজিবাজারের জন্য তা ‘যথেষ্ট’।
পুঁজিবাজারে লেনদেনের চলমান খরা আর সূচক পতনের ধারাকে ‘দুর্দিন’ হিসেবে বর্ণনা করে দুঃসময় কেটে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ও সাবেক সচিব ইউনুসুর রহমান।
বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসইর নিজস্ব কার্যালয়ে তিনি বলেন, “এই মুহূর্তে আমরা একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই দুর্দিন এক সময়ে কেটে যাবে।”
তিনি বলেন, “৯০ এর দশক থেকে পুঁজিবাজারের আইনি পরিকাঠামো ও অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়েছে। এখন যে আইনি কাঠামো রয়েছে তা যথেষ্ট।”
দেশের অর্থনীতির অগ্রগতির তুলনায় পুঁজিবাজারের গতি না পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এটি সত্য যে দেশের অর্থনীতি যেভাবে এগিয়েছে, পুঁজিবাজার সেভাবে এগোতে পারেনি। আমাদের পুঁজিবাজার এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও দুই বার হোঁচট খেয়েছে। সামনের দিকে আর হোঁচট খাওয়ার মত পরিবেশ হবে না বলেই বিশ্বাস করি।”
ডিএসই কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় অল্টারেনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্লাটফর্মের উদ্বোধনের অনুষ্ঠানে কথা বলছিলেন ইউনুসুর রহমান।
পুঁজিবাজারে কোনো কোম্পানি বা মিউচুয়াল ফান্ডকে লেনদেন করতে হলে তালিকাভুক্ত হতে হয়। কিন্তু এটিবি প্লাটফর্মের মাধ্যমে তালিকাভুক্তি ছাড়াই কোনো কোম্পানি তার শেয়ার লেনদেন করতে পারবে।
এজন্য কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধন কোম্পানি ও ফর্মসমূহের পরিদপ্তর থেকে অনুমোদিত হতে হবে ওই কোম্পানিকে। ফলে শুধু আবেদন করে এক মাসের মধ্যে ডিএসইর নিবন্ধন নিয়ে যে কোনো ধরনের কোম্পানি, ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড ও প্রাইভেট প্লেসমেন্ট কেনা-বেচা করা যাবে এটিবি প্লাটফর্মের মাধ্যমে। ডিএসইতে বুধবার থেকেই এটিবি প্লাটফর্মের লেনদেন চালু হয়।
অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্চ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রাবাইয়াত উল ইসলাম বলেন, “অল্টারনেটিভ ট্রেডিং প্লাটফর্মের সুফল আজকে পাওয়া যাবে না। এটার গতি ফিরতে একটু সময় লাগবে।
“পুঁজিবাজারে অনেকেই আসতে চায় না। তারা মনে করেন, কষ্ট করে প্রতিষ্ঠান করেছে তার সুফল কেন অন্য বিনিয়োগকারীকে দেবে। আরেকটি কারণ হচ্ছে এ থেকে বেরিয়ে যেতে এক্সিট নেওয়ার সুযোগ নেই। আমরা ডিএসইকে বলেছি একটি এক্সিটের সুযোগ রাখার। আমরা পুঁজিবাজারে আরো নতুন নতুন প্রডাক্ট নিয়ে আসব, যার ফলে ব্যবসায়ীরা কম খরচে ব্যাবসা করতে পারবেন।”
এটিবি প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাফিউর রহমান মজুমদার। বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও ডিএসইর বিভাগীয় কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
