০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেনের’ মন্তব্য, এবি পার্টির ফুয়াদকে তলব

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেনের’ মন্তব্য, এবি পার্টির ফুয়াদকে তলব

আসাদুজ্জামান ফুয়াদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 03:37 PM

Updated : 01 Nov 2026, 03:37 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেন’ হচ্ছে বলে মন্তব্য করার ঘটনায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, আগামী ৪ নভেম্বর ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

“এবি পার্টির একটি প্রোগ্রামে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি (ফুয়াদ) অনেক কথা বলেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে, ‘এইখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’। এই কথা ট্রাইব্যুনালের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে তাকে তলব করে কনটেম্পট (অবমাননা) নোটিস জারি করেছে।”

গত ২৮ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা’ শীর্ষক এক মতবিনিময় সভায় ওই মন্তব্য করেন ফুয়াদ।

সেখানে তিনি বলেন, “আইসিটির কোনো বিচারের নামও আপনারা পাবেন না এখন। এই সরকার আসার পরে, চিফ প্রসিকিউটর চেঞ্জ হওয়ার পরে। এবং দেখবেন যারা গ্রেপ্তার আছে, তাদের কারও বিচারের মামলা আগায় না। ফাঁসি হয়ে যে পলাতক, তার মামলাটার। এখানে লেনদেন হচ্ছে, কোটিতে কোটিতে লেনদেন হচ্ছে, বস্তা ভরে ভরে লেনদেন হচ্ছে।”

আদালতের তলবের আদেশের পর এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে একই ধরনের অভিযোগ করেন।

তিনি বলেন, ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার ও সাজা হচ্ছে, অথচ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোনো রায় হচ্ছে না।

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম ওই অভিযোগকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে দাবি করেন।